‘গাইডলাইন মেনে কাজ করুন’- অনিয়ম রুখতে কড়া নির্দেশ মুখ্যসচিবের, পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু কর্মসংস্থানের নয়া দিশা!

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ পর্যালোচনা করার জন্য আজ বিকেল সাড়ে চারটে থেকে জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, বাংলার বাড়ি, পথশ্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে তিনি জেলাশাসকদের সঙ্গে রিভিউ বৈঠক করবেন।
পথশ্রী ও আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ
নবান্ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসনকে এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার অর্থ দেওয়া শুরু হবে বলেও বৈঠকে জানানো হয়। এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হয়েছে। মুখ্যসচিব বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন যে জেলা প্রশাসনকে অবশ্যই সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে।
পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থান
পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলাদা করে আলোচনা করা হয়েছে। রাজ্যে ফিরে এসে যাঁরা শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের দ্রুত কর্মশ্রী প্রকল্পের আওতায় এনে কাজের সুযোগ করে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্নের আশা, এই নির্দেশের ফলে রাজ্যে কর্মসংস্থানের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
পুজো প্রস্তুতি ও জনস্বাস্থ্য নিয়ে সতর্কতা
আসন্ন দুর্গাপুজোর মরসুমকে সামনে রেখেও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও ঋণপ্রদানের ব্যবস্থা করা এবং পুজো উপলক্ষে উদ্বোধন ও কার্নিভালের সুষ্ঠু আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে বলেছেন মুখ্যসচিব।
বিশেষ করে, পুজোর মরশুমে জল জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে না বাড়ে, সে বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
প্রশাসনিক মহলের একাংশের দাবি, বাঙালির সব চেয়ে বড় উৎসবের মরসুমের আগে সরকারি পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে গতি আনতেই মুখ্যসচিবের এই জরুরি বৈঠক। পথশ্রী ও আবাস যোজনার মতো প্রকল্প ফের শুরু হলে গ্রামীণ পরিকাঠামো এবং সাধারণ মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।