চূড়ান্ত! ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন পুতিন, মোদির সঙ্গে বৈঠকে কী কী চুক্তি হতে পারে?

অবশেষে চূড়ান্ত হল দিনক্ষণ। আগামী ৪ এবং ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লি থেকে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এই ঘোষণা করেছে। ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলন (Indo-Russia Summit) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট।

সফরকালে প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এছাড়াও, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ তাঁর সম্মানে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ ব্যাঙ্কোয়েটের আয়োজন করবেন।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “আসন্ন রাষ্ট্রীয় সফরটি ভারত এবং রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার, ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ (Special and Privileged Strategic Partnership) আরও জোরদার করার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি নির্ধারণের এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।”

এই শীর্ষ বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসছে। ফলে দুই দেশের মধ্যে সামরিক, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।