সিয়ারা বা সিতারা নয়! কিয়ারা-সিদ্ধার্থের মেয়ের রাখা হল ‘সরায়াহ’ নাম, এর অর্থ কি?

দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনই কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) জানিয়েছিলেন, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। এরপর থেকেই অনুরাগীদের মনে জল্পনা ছিল, কী নাম রাখা হবে তারকাদম্পতির সন্তানের? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
আজ সোশাল মিডিয়ায় যৌথভাবে একটি আবেগঘন পোস্ট করে মেয়ের নাম ঘোষণা করলেন কিয়ারা ও সিদ্ধার্থ। একরত্তি কন্যাসন্তানের পায়ের একটি মিষ্টি ছবি ভাগ করে নিয়ে তাঁরা লেখেন:
“আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে আসা… আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের রানি।”
এরপরেই তাঁরা আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম ঘোষণা করেন—সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra)।
এর আগে অনুরাগীরা সিদ্ধার্থ ও কিয়ারার নামের অংশ নিয়ে ‘সিয়ারা’ বা ‘সিতারা’-র মতো নামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারকা দম্পতি বেছে নিলেন সম্পূর্ণ অন্য একটি নাম।
‘সরায়াহ’ নামের অর্থ কী?
সিদ্ধার্থ বা কিয়ারা কেউই এখনও সরায়াহ নামের অর্থ প্রকাশ্যে আনেননি। তবে অনুরাগীরা অনুমান করছেন, এটি হিব্রু শব্দ ‘সারাহ’ থেকে অনুপ্রাণিত, যার অর্থ হল ‘রাজকন্যা’ (Princess)। এই অনুমান সত্যি হলে, তাঁদের ‘রানি’ সরায়াহ নামের সঙ্গে পুরোপুরি মানানসই হবে।