ফারহান আখতারের ‘একশো বিশ বাহাদুর’কে করমুক্ত ঘোষণা! দিল্লিতে সিনেমার টিকিটে ১৮% GST বাদ, দাম কমছে কত?

অভিনেতা ফারহান আখতার অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘একশো বিশ বাহাদুর’কে দিল্লিতে করমুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এই সিনেমাটি কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ভারতের সীমান্ত রক্ষায় দুঃসাহসিক যুদ্ধ ও আত্মত্যাগের মর্মন্তুদ ও সাফল্যের কাহিনি নিয়ে নির্মিত।

বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এক্স হ্যান্ডেলে জানান, ২৮ নভেম্বর থেকে এই সিনেমাটি দিল্লিতে করমুক্ত টিকিটে দেখা যাবে।

দাম কত কমল? মুখ্যমন্ত্রীর কথায়, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে রেজাং লা গিরিপথে ১৩ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ১২০ জন সেনা ও অফিসারের অসাধারণ নৈপুণ্য, নেতৃত্ব এবং বলিদানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। করমুক্ত হওয়ার ফলে ১৮ শতাংশ জিএসটি (GST) বাদ পড়তে চলেছে।

ফলে টিকিটের দাম (পিভিআর মোবাইল অ্যাপ অনুযায়ী) উল্লেখযোগ্যভাবে কমবে:

ক্ল্যাসিক রো: ৩০৫.০৮ টাকা

প্রাইম রো: ৩৪৭.৪৬ টাকা

মূলত, প্রাইম রো-এর টিকিটের দাম ছিল ৪১০ টাকা, যেখানে কর বাবদ ৬২.৫৪ টাকা বাদ পড়ছে।

মেজর শয়তান সিংয়ের চরিত্রে ফারহান ছবিটির কেন্দ্রীয় চরিত্রটি হল মেজর শয়তান সিং ভাটির অনন্য সাধারণ নেতৃত্ব, যুদ্ধ কৌশল ও বীর বলিদানের কাহিনি। তাঁর এই আত্মত্যাগ পরবর্তীকালের সেনাবাহিনীর জওয়ানদের কাছে আদর্শের প্রতীক হয়ে রয়েছে। এই ছবিতে ফারহান আখতার মেজর শয়তান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালক রজনীশ ‘রাজি’ ঘাইয়ের এই ছবিতে দেখা গিয়েছে, কীভাবে প্রায় ৩,০০০ চিনা সেনার সঙ্গে অসম যুদ্ধ করে মাত্র ১২০ বাহাদুর দেশরক্ষা করেছিলেন। ছবিতে শয়তান সিংয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশি খান্না।

এর আগে অভিনেতা ফারহান আখতার আশা প্রকাশ করেছিলেন যে, এই ছবিটিকে করমুক্ত করা হবে, যাতে আরও বেশি মানুষ এই সিনেমা দেখে জওয়ানদের লড়াই ও বলিদানের ইতিহাস প্রত্যক্ষ করতে পারে। ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট এই ছবিটি প্রযোজনা করেছে। ছবিটির প্রশংসা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও।