বাস্কেটবল পোল উপড়ে মর্মান্তিক মৃত্যু জাতীয় স্তরের খেলোয়াড়ের, হরিয়ানা সরকারের ক্রীড়া বিভাগের গাফিলতির অভিযোগ পরিবারের

বাস্কেটবল পোল উপড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে জাতীয় স্তরের কিশোর বাস্কেটবল খেলোয়াড় হার্দিক রাঠি (১৬)-র। এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনার পর হার্দিকের পরিবার সরাসরি হরিয়ানা সরকারের ক্রীড়া বিভাগের গাফিলতিকেই দায়ী করেছে। পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই অকালে চলে যেতে হল এই প্রতিভাবান কিশোরকে।
পরিবারের অভিযোগ: দীর্ঘদিনের পুরনো ও জং ধরা পোল
হার্দিকের আত্মীয় খদক সিং রাঠি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পোলটি দীর্ঘদিনের পুরনো ছিল। জং ধরে গিয়েছিল। বারবার বলা সত্ত্বেও সেটি মেরামত করা হয়নি।”
জানা গেছে, হার্দিক দুই ভাইয়ের মধ্যে বড় ছিল এবং দুই ভাইই রোহতকের লখন মাঝরা এলাকার বাস্কেটবল অ্যাকাডেমিতে প্রতিদিন ছয় ঘণ্টা ধরে অনুশীলন করত। আত্মীয়ের কথায়, “দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল হার্দিকের। খুব পরিশ্রম করত। কিন্তু সব শেষ হয়ে গেল।”
প্র্যাকটিস চলাকালীন ঘটল বিপর্যয়
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে লখন মাঝরা বাস্কেটবল কোর্টে প্র্যাকটিস করার সময় এই দুর্ঘটনা ঘটে। হার্দিকের বন্ধুরাই জানিয়েছে, বাস্কেটবলের পোস্টটি নড়বড়ে ছিল। অনুশীলন চলাকালীন আচমকাই সেটি উপড়ে পড়ে সোজা কিশোর খেলোয়াড়ের বুকের উপর। ঘটনাস্থলেই হার্দিকের মর্মান্তিক পরিণতি হয়।
সিসিটিভি ফুটেজে এই ভয়ঙ্কর দুর্ঘটনার মুহূর্তটি ধরা পড়েছে। সেখানে দেখা গেছে, হার্দিক থ্রি পয়েন্ট লাইন থেকে দৌড়ে বাস্কেটবল নিয়ে প্র্যাকটিস করছিল। তৃতীয়বার বল নিয়ে দৌড়নোর সময় সে বাস্কেটবলের পোস্টটি আঁকড়ে ধরেছিল। ঠিক তখনই মুহূর্তে বাস্কেটবলের পোস্ট উপড়ে গিয়ে হার্দিকের বুকের উপর পড়ে যায়।
প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ কুস্তিগীর ভিনেশ ফোগাটের
এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি স্পষ্ট ভাষায় এই মৃত্যুর জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন। তাঁর মতে, “এটা কোনও দুর্ঘটনা নয়। এটা প্রশাসনের আধিকারিকদের গাফিলতি। এটা সিস্টেমের ব্যর্থতা নয়। এটা সিস্টেমের হত্যা।”