উত্তরাখণ্ডের নৈনিতালের দুর্ঘটনার ছায়া! লখিমপুর খেরি থেকে ফেরার পথে ভোররাতে ঘটল বিপর্যয়, মৃতদেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ!

বিয়ের অনুষ্ঠানের আনন্দ শেষে আর বাড়ি ফেরা হলো না পাঁচজনের। ফের এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শোকের ছায়া উত্তরপ্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি উল্টে পড়ে খালে। বুধবার ভোররাতে এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। কপালের জোরে বেঁচে গেছেন গাড়ির চালক, তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
উত্তরপ্রদেশে দুর্ঘটনা
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ধাখেরওয়া-গিরিজাপুরী ব্যারেজ রোডে। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোররাতে এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, লখিমপুর খেরিতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোট ছ’জন যাত্রী বাহরাইচে নিজেদের বাড়িতে ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারানোর ফলে যাত্রীবাহী গাড়িটি উল্টে খালে পড়ে যায়।
মৃত ব্যক্তিরা হলেন: জিতেন্দ্র (২৩), ঘনশ্যাম (২৫), লালজি (৪৫), আজিমুল্লা (৪৫) এবং সুরেন্দ্র (৫৬)। তাঁরা প্রত্যেকেই বাহরাইচের বাসিন্দা ছিলেন। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির চালক সুরজ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরাখণ্ডেও একই ধরনের মর্মান্তিক ঘটনা
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরাখণ্ডের নৈনিতালেও একই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ৬০ মিটার গভীর খাদে উল্টে পড়ে যায়। ওই ঘটনায় তিন স্কুলশিক্ষকের মৃত্যু হয় এবং আরও একজন শিক্ষক গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছিল, আলমোড়া থেকে হালদওয়ানিতে যাওয়ার পথে খয়রনা-কাইঞ্চিধাম রুটে এই দুর্ঘটনাটি ঘটেছিল।