বোনের সুখের জন্যেই নিজের সংসার ভাঙলেন দিদি, স্বামীকে ডিভোর্স দিয়ে বোনের সঙ্গে বিয়ে দিলেন তিনি

ভালোবাসার এক অবিশ্বাস্য নজির সামনে এসেছে, যেখানে ছোট বোনের সুখের জন্য নিজের বহু বছরের সংসার ভেঙে দিয়েছেন এক দিদি। স্বামীকে ডিভোর্স দিয়েই ক্ষান্ত হননি তিনি, বরং নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বোনের চার হাত এক করে দিলেন। আইনজীবী সন্দীপ বর্মা এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই তা দ্রুত ভাইরাল হয়েছে।

জামাইবাবু-শ্যালিকার প্রেম
আইনজীবী সন্দীপ বর্মা ভিডিওটিতে জানান, ওই দম্পতি দীর্ঘদিন ধরে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তাঁদের এক সন্তানও রয়েছে। ছোট বোন প্রায়ই দিদির শ্বশুরবাড়িতে এসে থাকতেন। এই সময়েই জামাইবাবুর সঙ্গে শ্যালিকার ঘনিষ্ঠতা বাড়ে এবং গোপনে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা চুপিচুপি বাইরেও দেখা করতেন। বিষয়টি একসময় ফাঁস হয়ে যায় দিদির কাছে।

তবে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হলেও ওই তরুণী কোনো অশান্তি করেননি। বরং সকলকে চমকে দেওয়া এক মানবিক সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন, তাঁর স্বামী এবং বোনের প্রকৃত ভালোবাসা রয়েছে। তাই তিনি নিজের সুখের চেয়ে বোনের সুখকে অগ্রাধিকার দেন।

ডিভোর্স ও কোর্টে বিয়ে
দিদি সঙ্গে সঙ্গেই স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বোনের সঙ্গে প্রাক্তন স্বামীর বিয়ের ঘোষণা করেন। রাতারাতি আইনি প্রক্রিয়া শেষ করে তিনি বোনের সঙ্গে প্রাক্তন স্বামীর বিয়ের প্রস্তুতি শুরু করেন। এমনকী, আইনি বিয়ের জন্য দিদি নিজেই বোনকে সাজিয়ে গুছিয়ে কোর্টে নিয়ে যান। আইনজীবী এই মামলাটির সংবেদনশীলতা বুঝতে পেরে দ্রুত মিটমাট করার চেষ্টা করেন।

বিহারে এমন নজির
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বিহারের সহরসাতেও এমন একটি ঘটনা ঘটেছিল। স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরে স্বামী রাগ না করে নিজেই স্ত্রীর দ্বিতীয় বিয়ের আয়োজন করেছিলেন। তাদের ১২ বছরের দাম্পত্য ও তিন সন্তান ছিল। সেই ঘটনাতেও স্বামী ঠান্ডা মাথায় স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, প্রথম স্বামী কাঁদতে কাঁদতেই স্ত্রীর দ্বিতীয় বিয়েতে পাশে দাঁড়িয়ে আছেন। ভালোবাসার এমন নজির দেখে সামাজিক মাধ্যমে তুমুল শোরগোল পড়েছিল।