এসআইআর-এর ডিউটির প্রবল চাপে অসুস্থ আরও এক বিএলও, বুকে ব্যথা নিয়ে কল্যাণী হাসপাতালে রেফার হুগলির শিক্ষক

স্পেশাল সামারি রিভিশন (এসআইআর)-এর কাজের প্রবল চাপের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হুগলির বাঁশবেড়িয়ার আরও এক বিএলও (বুথ লেভেল অফিসার)। আবু তোহরাব বিন আমান নামের ওই ব্যক্তিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া থেকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর অভিযোগ, কাজের চাপ অত্যন্ত বেশি ছিল এবং বারবার অপারগতা প্রকাশ করা সত্ত্বেও তাঁকে শোকজ করার ভয় দেখানো হয়েছিল।
বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথের বিএলও আবু তোহরাব বাঁশবেড়িয়ার আইএম হাই মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষক। রবিবার সন্ধ্যায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা সোমবার তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন।
পরিবার সূত্রে খবর, আবু তোহরাব দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও এসআইআর-এর দায়িত্ব পালন করছিলেন। গত কয়েকদিন ধরে নির্বাচনের কাজের প্রচণ্ড চাপের কারণে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।
স্থানীয় কাউন্সিলর মহম্মদ শহীদ বলেন, “বিএলও-র পরিবারের কাছ থেকে খবর পেয়েছি যে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন। এই বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে।” অসুস্থ শিক্ষকের কাকা জানিয়েছেন, তাঁর অবস্থা সঙ্কটজনক এবং বাড়িতে তাঁর দুই কন্যা সন্তান ও বৃদ্ধ বাবা-মা গভীর উদ্বেগে রয়েছেন।
উল্লেখ্য, রবিবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বিএলও-দের উপর অসম্ভব চাপ দেওয়া হচ্ছে, যার ফলে অনেকে আত্মহত্যা করেছেন, অসুস্থ হয়ে মারা গিয়েছেন বা আত্মহত্যার চেষ্টা করেছেন। এই নতুন ঘটনায় বিএলও-দের উপর কাজের চাপ নিয়ে চাপানউতোর আরও বাড়ল।