আনোয়ার আলি বিতর্কে ফিফার হস্তক্ষেপ, মোহনবাগানের চিঠির উত্তরে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা, জট কাটার আশা

ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে চলা আনোয়ার আলি চুক্তিভঙ্গ ইস্যুতে এবার হস্তক্ষেপ করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ফিফাকে চিঠি পাঠানো হয়েছিল, যার উত্তরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে অবগত এবং দ্রুত ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে কথা বলবে। মোহনবাগান ম্যানেজমেন্ট আশা করছে, ফিফার হস্তক্ষেপে এবার এই বিতর্কিত জট কাটবে।
ভারতীয় ফুটবলের এক নম্বর ডিফেন্ডার আনোয়ার আলি লিয়েনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেলতেন। কিন্তু গত মরশুমে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে যোগ দেওয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। জানা যায়, লিয়েনের বদলে তিনি মোহনবাগানের কাছে স্থায়ী চুক্তি চেয়েছিলেন, কিন্তু সবুজ-মেরুন রাজি না হওয়ায় আনোয়ার চুক্তির ফাঁক কাজে লাগিয়ে পাঁচ বছরের বড় চুক্তিতে লাল-হলুদে যোগ দেন। এই দলবদল দেশের ফুটবলমহলে আলোড়ন ফেলে দিয়েছিল।
মোহনবাগান ম্যানেজমেন্ট এই অপ্রত্যাশিত ধাক্কার পর আইনি লড়াইয়ের পথ বেছে নেয়। তারা আনোয়ারের শাস্তির জন্য এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির (PSC) দ্বারস্থ হয়। যদিও পিএসসি’র প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ইস্টবেঙ্গল সন্তুষ্ট ছিল না। ফলে লাল-হলুদ ম্যানেজমেন্ট দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়, যেখানে আদালতের নির্দেশে পিএসসি’র পূর্ববর্তী সমস্ত সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশের সুবাদেই আনোয়ার আলি নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) পেয়ে ইস্টবেঙ্গল জার্সিতে এখনও খেলতে পারছেন। পরবর্তীতে শুনানির দিনক্ষণ নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়। গত সেপ্টেম্বর মাসে মোহনবাগান ফেডারেশনের কাছে শুনানির দিনক্ষণ নিয়ে আবেদন জানালেও সঠিক উত্তর মেলেনি। এই কারণেই তারা অবশেষে ফিফার দ্বারস্থ হয়।
ফিফা নিশ্চিত করেছে যে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করবে এবং এআইএফএফের সঙ্গে আলোচনা করবে। মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে, এর ফলে হয়তো আনোয়ার আলির সবুজ-মেরুন জার্সি পরা সম্ভব হবে না, তবে ক্লাবের আর্থিক সুরাহা মিলতে পারে— অর্থাৎ আনোয়ারের ট্রান্সফার মানি ফিরে পেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।