বিয়ের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা, বরযাত্রার মাঝে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু বরের, শোকে স্তব্ধ দুই পরিবার

বরযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হল এক ভয়াবহ বিপর্যয়ে। বিয়ে করতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের বাঘপতের পিচকোরা গ্রামের যুবক সুবোধ কুমার। রবিবার রাতে বরযাত্রী দল সারুরপুর কালান গ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, যার জেরে বিয়ের ঠিক আগে প্রাণ হারালেন বর সুবোধ।

সূত্রের খবর, পঞ্চায়েত ভবনের কাছে নৈশভোজের জন্য বরযাত্রীর গাড়ি থামানো হয়েছিল। এ সময় সুবোধের শরীরটা ভালো লাগছিল না। তিনি অসুস্থ বোধ করায় রাস্তার ধারের দিকে গিয়ে বমি করছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুবোধকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরেই চালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা সুবোধকে প্রথমে স্থানীয় এবং পরে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিয়ে করতে যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে বরের পরিবার শোকে ভেঙে পড়েছে। জানা গিয়েছে, সুবোধ কুমার ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। কনের পরিবারও এই আকস্মিক মৃত্যুর খবরে শোকে স্তব্ধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক ট্রাক ও তার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।