IIT খড়গপুর এবার আমেরিকায়! প্রাক্তনীর দান করা বাড়িতে আউট রিচ সেন্টার, ৭৫ বছর পূর্তিতে প্রকাশিত হল ডাক টিকিট

স্বাধীন ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়গপুর (IIT Kharagpur) এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে চলেছে। প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুধু ডাকটিকিট প্রকাশই নয়, এল এক বিরাট খবর। খুব শীঘ্রই আমেরিকার মাটিতে এই প্রতিষ্ঠানের একটি আউট রিচ সেন্টার চালু হতে চলেছে। আইআইটি খড়গপুরের এক প্রাক্তনীর দান করা হিউস্টনের একটি বাড়িতেই বিশ্বমানের শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই শাখা গড়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
সোমবার শান্তিনিকেতনের রাঙাবিতানে ভারতীয় ডাক বিভাগের তরফে আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ডাক টিকিট প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে কলকাতাস্থিত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গাইল্স-ডিয়াজ সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এরপরই সাংবাদিক বৈঠকে প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “আমরা আমেরিকায় একটি আউট রিচ সেন্টার করার পরিকল্পনা করেছি। ভারত সরকারকে এই বিষয়ে যাবতীয় রিপোর্ট দেওয়া হয়েছে। আমাদের এক প্রাক্তনীর দান করা বাড়িতেই শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই সেন্টার গড়ার পরিকল্পনা করা হয়েছে।”
জানা গিয়েছে, আইআইটি খড়গপুরের প্রাক্তনী অশোক দে সরকার আমেরিকার টেক্সাস অঞ্চলের হিউস্টন শহরে এই বাড়িটি দান করেছেন। শিক্ষামন্ত্রকে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে। মার্কিন মুলুকে এই আউট রিচ সেন্টারটিতে শুধু প্রযুক্তিগত (Technology) বিষয় নয়, বিভিন্ন সামাজিক বিষয়েও পঠন-পাঠনের চিন্তাভাবনা রয়েছে। এর মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থার প্রসার ঘটবে। বর্তমানে দেশে ২৩টি আইআইটি রয়েছে। ১৯৫১ সালে খড়গপুরেই দেশের প্রথম আইআইটি তৈরি হয়।