মোদী সরকার শেষ করেছে, কিন্তু রাজ্যে আটকে! চিঙড়িঘাটা মেট্রো নিয়ে ‘রাজনৈতিক হিসেব’-এর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির

চিঙড়িঘাটা মেট্রো প্রকল্পের শেষভাগের কাজ আটকে থাকা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার এক্স (পূর্বতন টুইটার)-বার্তায় তিনি দাবি করেন, “সময়ের দাবি স্পষ্ট— জনগণ উন্নয়ন চায়, আর উন্নয়নকে আটকানোর রাজনীতির বিরুদ্ধে মানুষের আওয়াজ আরও জোরালো হবে।”

শমীক ভট্টাচার্য তাঁর পোস্টে সরাসরি কলকাতার মানুষের ভোগান্তির কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “কলকাতার মানুষ আজ একটাই কথা বলছে— ‘আমাদের দোষ কী? কেন আমাদের যাতায়াতের স্বপ্ন রাজনৈতিক স্বার্থে আটকে থাকবে?’”

বিজেপি রাজ্য সভাপতির দাবি, মোদী সরকার আসার পরই মেট্রো প্রকল্পের গতি বেড়েছে। জোকা–তারাতলা পরিষেবা চালু হয়েছে, ইস্ট–ওয়েস্ট টানেলের কাজ এগিয়েছে, নিউ গড়িয়া–রুবির বড় অংশ শেষ হয়েছে। তাঁর কথায়, “এটাই উন্নয়নের গতি, যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে।”

তবে বর্তমানে শহরের মানুষ যে কষ্টের সম্মুখীন হচ্ছেন, তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। শমীক ভট্টাচার্যের অভিযোগ, পুরো প্রকল্প প্রায় শেষ হলেও চিঙড়িঘাটা ফ্লাইওভার সংলগ্ন মাত্র ৩৬৬ মিটার পথের অনুমতির প্রয়োজন— এবং সেখানেই রাজ্য সরকারের অজুহাতের দেওয়াল। তাঁর দাবি, “কখনও অনুষ্ঠান, কখনও ম্যারাথন, কখনও ‘এখন নয়’— মানুষের সুবিধা নয়, রাজনৈতিক হিসেবকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, জনগণের ক্ষোভ একেবারেই স্বাভাবিক। দিনের পর দিন ট্রাফিকে আটকে থাকা, স্কুল–কলেজ–অফিসে দেরি, ব্যস্ত চিঙড়িঘাটা মোড়সহ পুরো পূর্ব কলকাতার অকারণ ভিড়ের একমাত্র সমাধান ছিল মেট্রো, কিন্তু সেই সমাধান আজ রাজ্যের ‘সিদ্ধান্তহীনতার ফাঁদে বন্দি’।

শমীক ভট্টাচার্য এক্স-বার্তায় স্পষ্ট বার্তা দিয়েছেন, “মানুষ আজ বুঝে গেছে— মোদী সরকার উন্নয়ন সম্পূর্ণ করেছে, কিন্তু রাজ্যের অসহযোগিতায় প্রকল্প আটকে যাচ্ছে। কলকাতার মানুষ তাই প্রশ্ন করছে— ‘উন্নয়ন কি আমাদের অধিকার নয়? শেষের কয়েকশো মিটারের জন্য আমরা আর কত বছর অপেক্ষা করব?’”