রানি ভবানী বনাম সিরাজউদ্দৌলা! নবাবের দিকে বন্দুক তাক করলেন রাজনন্দিনী, কীসের ইঙ্গিত নতুন প্রোমোতে?

রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে একের পর এক বড় চমক আসছে। রামাকান্তের মৃত্যুর পর নাটোরের ক্ষমতা হাতে নিয়ে দেশ শাসন করছেন রাণী ভবানী। এর মধ্যেই তাঁর মেয়ে তারার রূপ, লাবণ্য ও গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই ভালো থাকার মাঝেই নতুন করে বিপদ ঘনিয়ে আসছে।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, তরবারি চালানো, রাজ্য সামলানোর পাশাপাশি, রাণী ভবানীর একমাত্র দুর্বলতা তাঁর মেয়ে তারা। শিবের পুজো নিয়েই ব্যস্ত থাকা তারার ওপর নজর পড়ে বাংলার মসনদে বসা নবাব সিরাজউদ্দৌলার। এই গুরুত্বপূর্ণ চরিত্রে ‘অনুরাগের ছোঁয়া’-এর পর এন্ট্রি নিলেন অভিনেতা মীর রহেমিন রহিম।
সিরজউদ্দৌলার নজর যখন তারার সম্ভ্রমের দিকে, তখন নবাবকেও ভয় পান না রাণী। মেয়ের সম্মান রক্ষা করতে সোজা ভরা রাজসভায় সিরাজের দিকে বন্দুক তাক করেন তিনি। এই ঘটনার পর ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকের মনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
প্রসঙ্গত, রাজনন্দিনী পাল এই পিরিয়ড ড্রামার হাত ধরেই ছোটপর্দায় পা রাখেন এবং প্রথম থেকেই এটি দর্শকদের নজর কেড়ে সেরা ১০ ধারাবাহিকে নিজের জায়গা ধরে রেখেছে। তবে সম্প্রতি ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ মেগার আগমনের কারণে এই ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে গেছে। সোমবার, ১৭ নভেম্বর থেকে রাত সাড়ে ৮টার বদলে এখন বিকেল ৫টা থেকে দেখা যাচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। অন্যদিকে, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত।
ধারাবাহিকের সময় পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন রাণী ভবানীর চরিত্রে অভিনয় করা রাজনন্দিনী পালের মা, তথা অভিনেত্রী-নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত। তিনি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, “হঠাৎ এরকম হবে ভাবতে পারিনি। আপনাদের সবার প্রিয় অভিনেত্রী রাজনন্দিনী যে সিরিয়ালের জন্য বাংলার ঘরে ঘরে প্রতিটা মানুষের মনে আজ জায়গা করে নিয়েছে, সেই বিখ্যাত সিরিয়াল রাণী ভবানী একাধিকবার টিআরপিতে বাংলার সেরা হয়ে নিজেকে প্রমাণ করার পরেও হঠাৎই তার সময় বদলে গেল… বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায় আর এত গুরুত্বপূর্ণ এক মহিলা চরিত্রকে যে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়… এটা রাণী ভবানী না দেখলে বিশ্বাস করা কঠিন।”