SIR-র নামে প্রতারণার ফাঁদ! ‘SIR-এর জন্য কোনও OTP চাওয়া হচ্ছে না’, সতর্ক করল নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে প্রতারণার জাল পাতা হচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কোনও OTP চাওয়া হয় না।

এর আগে অভিযোগ উঠেছিল যে, অসাধু চক্র কমিশনের নাম ভাঁড়িয়ে বহু মোবাইল ফোনে OTP পাঠাচ্ছে এবং ফোন করে বলছে যে, এসআইআর প্রক্রিয়ার জন্য ওই ওটিপি জরুরি। অনেকেই তা বিশ্বাস করে ভুয়ো ওটিপি নম্বর বলে দেওয়ায় টাকা হাতানোর চেষ্টা হতে পারে বলে মনে করছে কমিশন।

মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে সতর্কবার্তা:

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে:

“সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনও OTP চাওয়া হচ্ছে না। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনও কাজের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও OTP চাইবে না।”

জাতীয় নির্বাচন কমিশনারের বৈঠক ও নির্দেশ

এদিকে, স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনার ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া কেমন চলছে, তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে বিস্তারিত রিপোর্ট নেন জাতীয় নির্বাচন কমিশনার।

কমিশন সূত্রে খবর, রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনার। তিনি নির্দেশ দিয়েছেন, বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষ হলেও, আপলোডিং-এর প্রক্রিয়াও যেন দ্রুত শেষ করা হয়।

অভিযোগ জানানোর বিশেষ ব্যবস্থা

এসআইআর চলাকালীন সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধা হলে দ্রুত অভিযোগ জানাতে পারেন, তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বিশেষ ব্যবস্থা করেছে। এসআইআর ফর্ম যদি কেউ না পান বা অন্য কোনও অভিযোগ থাকলে এই নম্বরগুলিতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।

হোয়াটসঅ্যাপ নম্বর: ৯৮৩০০৭৮২৫০

টেলিফোন নম্বর: ১৯৫০, ২২৩১০৮৫০