‘মৃত্যু নিশ্চিত, এটা শহিদত্ব পাওয়ার অভিযান’! বিস্ফোরক ভিডিওতে আত্মঘাতী হামলা নিয়ে উমরের ভয়ংকর ব্যাখ্যা

দিল্লির লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের (Car Blast) মূল হোতা ড. উমর-উন-নবি (Dr Umar-un-Nabi) ওরফে ড. উমর মহম্মদ নিজে শুধু হামলা চালিয়ে নিরীহ মানুষ মারাই নয়, আত্মঘাতী বোমা হামলায় অন্যদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। বিস্ফোরণের আগে তার রেকর্ড করা একটি ভিডিওতে তাকে আত্মঘাতী হামলার বিষয়ে প্রচলিত ‘ভুল ধারণা’ দূর করার চেষ্টা করতে দেখা গিয়েছে।
ইসলাম ধর্ম অনুযায়ী আত্মহত্যা নিষিদ্ধ হলেও, উমর তার ভিডিওতে আত্মঘাতী বোমা হামলাকে ‘শহিদত্ব পাওয়ার অভিযান’ হিসেবে ব্যাখ্যা করেছে। সে বলেছে:
“আত্মঘাতী হামলা নিয়ে অনেক মত শোনা গিয়েছে। এর বিরুদ্ধে অনেকে মত প্রকাশ করেছেন। যখন কোনও ব্যক্তি নির্দিষ্ট সময়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে যান, তখন তাকে শহিদত্ব পাওয়ার অভিযান বলা যেতে পারে। তিনি এই অনুমান করে যান না যে একজন নির্দিষ্ট ব্যক্তির মৃত্যু হবে। তাঁর এক নির্দিষ্ট সময়ে মৃত্যু হতে চলেছে। আমার নিজের ক্ষেত্রে আমাদের সেই পরিস্থিতি নেই।”
দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়। শুরু থেকেই তদন্তকারীদের সন্দেহ ছিল, এটি আত্মঘাতী হামলা। উমরের ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে যে, সে এই হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল।
এ বিষয়ে উমর বলেছে, “যেটাকে আত্মঘাতী হামলা বলা হয়, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এ বিষয়ে ভুল বোঝা হয়। ইসলামে এটা শহিদত্ব অর্জন করার অভিযান। এ বিষয়ে একাধিক বিরুদ্ধ মত রয়েছে। এর বিরুদ্ধে অনেক মত রয়েছে। কখন এবং কোথায় মৃত্যু হবে, সে বিষয়ে কেউই নির্দিষ্টভাবে বলতে পারে না। অদৃষ্টে থাকলে তবেই মৃত্যু হবে। মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয়।”
প্রাথমিকভাবে তদন্তকারীরা সন্দেহ করছিলেন, উমর ভয় পেয়ে গিয়েই লালকেল্লার কাছে হামলা চালায়। কিন্তু তার রেকর্ড করা এই ভিডিওতে স্পষ্ট হয়েছে, সে সুপরিকল্পিতভাবে আত্মঘাতী হামলা চালানোর জন্য তৈরি ছিল এবং অন্যদেরও এই চরমপন্থায় উৎসাহিত করার চেষ্টা চালিয়েছে।