‘প্রাক্তন স্ত্রীকে হেনস্থা করলে মেট্রো স্টেশন উড়িয়ে দেব’! বেঙ্গালুরু মেট্রো কর্পোরেশনের অফিসে হুমকি মেল, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের (BMRCL) অফিসিয়াল মেল আইডিতে এবার সরাসরি স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চাঞ্চল্যকর মেল এল। প্রেরকের দাবি, তাঁর ‘প্রাক্তন স্ত্রী’-কে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। যদি এমন চলতে থাকে, তবে তিনি একটি আস্ত মেট্রো স্টেশন উড়িয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

গত ১৩ নভেম্বর রাত ১১টা ২৫ মিনিটে একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকি মেলটি পাঠানো হয়। মেলটিতে লেখা ছিল, সংস্থার কোনও কর্মী যদি ডিউটির পরে তাঁর ‘ডিভোর্সড স্ত্রী পদ্মিনীকে’ নির্যাতন করেন, তবে মেট্রো কর্তৃপক্ষকে তার ফল ভোগ করতে হবে। হুমকিদাতা নিজেকে ‘কন্নড়িদের বিরুদ্ধে দেশপ্রেমিক সন্ত্রাসীর মতো’ আচরণ করতে দ্বিধা করবেন না বলেও দাবি করেছেন।

হুমকি-মেল পাওয়ার পরই একজন সিনিয়র বিএমআরসিএল আধিকারিক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা রুজু করে প্রেরকের পরিচয় এবং তাঁর অবস্থান খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

ভুয়ো হুমকির পুনরাবৃত্তি

সাম্প্রতিক অতীতে বেঙ্গালুরুতে ভুয়ো বোমা-হুমকির আরও একটি বড় মামলার তদন্ত চলছে। একাধিক বেসরকারি স্কুলে হুমকি-মেল পাঠানোর অভিযোগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেনে জোশিল্ডা (Rene Joshilda)-কে গ্রেফতার করা হয়েছিল। রেনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুয়ো হুমকি মেল পাঠাতেন।

তদন্তে উঠে এসেছে, রেনে শুধু কর্নাটক নয়, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, দিল্লি, কেরল, বিহার, তেলঙ্গানা, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং হরিয়ানার কয়েকটি প্রতিষ্ঠানেও ভুয়ো হুমকি পাঠিয়েছিলেন। নিজের ডিজিটাল পরিচয় গোপন রাখতে তিনি ভিপিএন (VPN), ভার্চুয়াল মোবাইল নম্বর এবং একাধিক অস্থায়ী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতেন বলে পুলিশ জানিয়েছে। এবার মেট্রো স্টেশনে হুমকি আসার পর শহরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।