রোগী দেখতে দেখতেই ঘটল চরম মর্মান্তিক ঘটনা! ডিউটিতেই হৃদরোগে চলে গেলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

রোগীদের চিকিৎসা করতে করতে আচমকা হার্ট অ্যাটাক! কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ওড়িশার একজন প্রখ্যাত চিকিৎসকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার নীলগিরি মহকুমা সরকারি হাসপাতালে।
মৃত চিকিৎসকের নাম ডঃ ত্রিনাথ পাল। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ডাঃ ত্রিনাথ পাল ওড়িশার একজন অত্যন্ত পরিচিত এবং নামজাদা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন।
জানা গিয়েছে, গত রবিবার তিনি নীলগিরি মহকুমা সরকারি হাসপাতালে ডিউটিতে ছিলেন। রোগী দেখার সময়ই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে বালেশ্বর জেলা সদর হাসপাতালে (DHH) নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা নিশ্চিত করেন যে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। রোগীর সেবায় নিয়োজিত থাকার সময় চিকিৎসকের এই আকস্মিক মৃত্যুতে নীলগিরি এবং বালেশ্বর অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।