মুর্শিদাবাদে ফের আতঙ্ক, ভোররাতে সাইদুলের বাড়িতে পুলিশের হানা! উদ্ধার হলো বোমা তৈরির বিপুল সরঞ্জাম, পরিবার সহ উধাও অভিযুক্ত।

রাজধানী দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের আবহেই এবার মুর্শিদাবাদের রানিনগরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ রানিনগর গ্রামের সাইদুল শেখের বাড়িতে হানা দেয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাইদুল শেখের বাড়ির একটি ঘর থেকে প্রায় ২ কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে। এটি বোমা তৈরির অন্যতম প্রধান রাসায়নিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তবে এই অভিযানের খবর পেয়ে অভিযুক্ত সাইদুল শেখ, তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুরনো মামলা ও নতুন উদ্বেগ
পুলিশ জানিয়েছে, সাইদুল শেখের বিরুদ্ধে ইতিপূর্বে এনডিপিএস আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং অন্যান্য ফৌজদারি ধারায় একাধিক মামলা রয়েছে। তদন্তকারী অফিসারদের দাবি, দীর্ঘদিন ধরেই সাইদুল শেখ বেআইনি বোমা তৈরির সঙ্গে যুক্ত। পূর্বের বোমা-ফাটার একাধিক ঘটনায় তাঁর যোগ থাকার সন্দেহ রয়েছে। এই আবহে তাঁর বাড়িতে বিস্ফোরক মজুত থাকার খবর পেয়েই অভিযান চালানো হয়।
দিল্লি বিস্ফোরণের পর রাজ্যজুড়ে বাড়ানো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই মুর্শিদাবাদের এই ঘটনাটিকে রাজ্য পুলিশ সদর দফতর অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পুলিশ সূত্র অনুযায়ী, সাইদুলের সঙ্গে রাজ্যের অন্য কোনও বিস্ফোরক চক্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ: ‘ফাঁসানো হচ্ছে’
এদিকে, বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিয়ে এলাকার একাংশ গ্রামবাসী ভিন্ন দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, “সাইদুলকে ফাঁসানো হচ্ছে।” প্রতিবেশীদের কেউ কেউ বলেছেন, “ওর বিরুদ্ধে আগে অভিযোগ থাকলেও, সাম্প্রতিককালে সে ঠিকঠাক জীবনযাপন করছিল। হঠাৎ করে তার বাড়িতে বিস্ফোরক পাওয়া গেল, এটা বিশ্বাস হচ্ছে না। পুলিশই হয়তো রেখে দিয়ে তাঁকে ফাঁসাচ্ছে।” যদিও পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং জানিয়েছে, সইদুলের বিরুদ্ধে পুরোনো মামলা ছিল এবং গোপন খবরের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়।
উত্তেজনার পারদ চড়তেই সইদুলের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের মতো এলাকায় এই ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।