কেন্দ্রের অষ্টম পে কমিশনের তোড়জোড়, রাজ্যে সপ্তম বেতন কমিশনের দাবিতে আইনি নোটিস! ডিএ-র ফারাক ৪০%

২০২৬ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন লাগু হওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ঠিক এই সময়েই সপ্তম বেতন কমিশনের দাবিদাওয়া নিয়ে সরব হলেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন। কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার (DA) বিশাল ফারাকের প্রতিবাদে রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিস দেওয়া হয়েছে।
সপ্তম বেতন কমিশনের দাবিতে আইনি নোটিস
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ‘ইউনিটি ফোরাম’ সম্প্রতি মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে এই নোটিস পাঠিয়েছে।
-
নোটিসের বিষয়বস্তু: আইনি নোটিসে জানতে চাওয়া হয়েছে, রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বা চিন্তাভাবনা করছে।
-
জারিকারক: ‘ইউনিটি ফোরাম’-এর পক্ষে আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদার এবং শ্রী পলাশ দত্ত এই নোটিশ জারি করেছেন।
ডিএ-র বিশাল ফারাক এবং অসঙ্গতি
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা ডিএ-র ক্ষেত্রে বহুলাংশে পিছিয়ে।
| কর্মীদের বিভাগ | বেতন কমিশন | বর্তমান ডিএ হার |
| কেন্দ্রীয় কর্মী | সপ্তম বেতন কমিশন | ৫৮% |
| রাজ্য কর্মী | ষষ্ঠ বেতন কমিশন | ১৮% |
| ফারাক | – | ৪০% |
ইউনিটি ফোরামের নোটিশে বলা হয়েছে, নয়াদিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্যের সরকারি কর্মচারীরাও ৫৮% হারে ডিএ পাচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গে কর্মরতরা মাত্র ১৮% হারে ডিএ পাচ্ছেন।
ইউনিটি ফোরামের মূল দাবিগুলি
নোটিশে ষষ্ঠ বেতন কমিশনকে (6th Pay Commission) নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, যা প্রায় চার বছর দেরিতে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জমা পড়েছিল এবং তাতে একাধিক অসঙ্গতি ছিল বলে অভিযোগ। সংগঠনটি রাজ্য সরকারের কাছে নিম্নলিখিত দাবিগুলি জানিয়েছে:
-
অবিলম্বে কেন্দ্রীয় হারে ডিএ বকেয়া সহ প্রদান করতে হবে।
-
বকেয়া ডিএ-এর সঙ্গে ১০% সুদ প্রদান করতে হবে।
-
রোপা ২০১৯ (ROPA 2019) অনুযায়ী বেসিক পে-এর সঙ্গে ডিএ মার্জ করতে হবে।
-
৩১শে ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
-
রাজ্যে সপ্তম পে কমিশন গঠনের জন্য অবিলম্বে একটি কমিটি গঠন করতে হবে।
উল্লেখ্য, সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়, সেই অনুযায়ী ২০২৬ সালে কমিশন গঠিত হওয়ার কথা। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি।