‘বিশ্বব্যাঙ্ক থেকে ১৪ হাজার কোটি টাকা নিয়ে বিলিয়েছে’,- বিহার ভোট নিয়ে বিস্ফোরক PK-র দল

বিহার বিধানসভা নির্বাচন শেষ হতেই বিস্ফোরক অভিযোগ আনল ভোটগুরু প্রশান্ত কিশোরের (PK) দল ‘জন সুরজ’। তাদের শীর্ষ নেতৃত্বের দাবি, ভোটের আগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অনুদান দেওয়ার জন্য বিশ্বব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যবহার করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যেই ক্ষমতাসীন জোট এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ তুলেছে জন সুরজ এবং তারা এই নিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।

জন সুরজের জাতীয় সভাপতি উদয় সিং শনিবার সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, “এই নির্বাচনের ফলাফল কার্যত কেনা হয়েছে।” তিনি অভিযোগ করেন, ভোটের আগে ২১ জুন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রায় ৪০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। উদয় সিংয়ের দাবি, “আমাদের কাছে তথ্য রয়েছে, বিশ্বব্যাঙ্কের অনুদান থেকেই ১.২৫ কোটি মহিলার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে পাঠানো হয়েছে।”

🔴 ‘আচরণবিধি জারির এক ঘণ্টা আগে তোলা হয় টাকা!’

 

দলের অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রজেক্ট’-এর নামেই এই বিপুল পরিমাণ টাকা মহিলাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। জন সুরজের আরেক নেতা পবন বর্মা দাবি করেন, “আমাদের তথ্য অনুযায়ী মোট ২১,০০০ কোটি টাকার মধ্যে ১৪,০০০ কোটি টাকা ভোটের ঠিক আগে তোলা হয়। ভোটের আচরণবিধি জারি হওয়ার মুহূর্তের ঠিক এক ঘণ্টা আগে সেই টাকা সরকারি খাত থেকে তোলা হয়েছে।

বর্মার প্রশ্ন, “আইনগতভাবে এর ব্যাখ্যা মিললেও, নৈতিকতার প্রশ্ন কি এভাবে উড়িয়ে দেওয়া যায়?”

📊 বিপুল সংখ্যাগরিষ্ঠতায় NDA-র জয়, কিন্তু রাজ্যের কী হবে?

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল পরিমাণ নগদ হস্তান্তরের প্রভাব নির্বাচন ফলাফলে বড় ভূমিকা নিয়েছে। নির্বাচনে NDA জোট ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে। বিজেপি পেয়েছে ৮৯টি আসন এবং জেডিইউ পেয়েছে ৮৫টি। অন্যদিকে, প্রশান্ত কিশোরের নতুন দল ২৩৮টি আসনে লড়াই করেও একটি আসনও জিততে পারেনি।

জন সুরজের দাবি, এই বিপুল টাকার বহির্গমনের ফলে রাজ্যের আর্থিক সংকট আরও বাড়বে। ইতিমধ্যেই বিহারের ঋণের পরিমাণ ৪.০৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে, এবং দৈনিক সুদের বোঝা প্রায় ৬৩ কোটি টাকা। পবন বর্মার কথায়, “রাজ্যের কোষাগার কার্যত খালি।”

রাজনৈতিক মহল মনে করছে, জন সুরজের এই অভিযোগ আগামীদিনে জাতীয় রাজনীতিতে বড় আলোচনার সৃষ্টি করবে।