ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের নিখোঁজ, পাঁচ দিন পর নয়ানজুলি থেকে উদ্ধার হলো দেহ

ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক বৃদ্ধের দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার রাতে ডায়মন্ড হারবারেরই একটি নয়ানজুলি থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম আরজেদ আলি ফকির, বয়স ৭৩ বছর। তিনি মগরাহাটের বাসিন্দা। শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে তাঁকে মগরাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ৬ নভেম্বর ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর ছেলে তাহির আলি তাঁকে সেখানেই ভর্তি করেছিলেন। জানা গেছে, চিকিৎসার সময় বৃদ্ধের মানসিক অবস্থা ঠিক ছিল না।

হাসপাতাল থেকে নিখোঁজ:

১১ নভেম্বর, চিকিৎসাধীন থাকা অবস্থাতেই আরজেদ আলি ফকির হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত থানায় নিখোঁজ ডায়েরি করে। বৃদ্ধের ছেলেও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করলেও তাঁর খোঁজ মিলছিল না। অবশেষে শনিবার রাতে ডায়মন্ড হারবার এলাকার একটি নয়ানজুলি থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বৃদ্ধ কীভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হলেন এবং নয়ানজুলিতে কীভাবে তাঁর মৃত্যু হলো—তা খতিয়ে দেখছে।