দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশে ছয় বাঁহাতি ব্যাটার, ভাঙল ৫৯৬ ম্যাচের রেকর্ড

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ থেকে শুরু হল ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। আর এই ম্যাচেই ইতিহাস রচনার মুহূর্তের সাক্ষী হল ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় টেস্ট ইতিহাসে এই প্রথমবার একাদশে একসঙ্গে ছয়জন বাঁহাতি ব্যাটারকে নিয়ে মাঠে নামল টিম ইন্ডিয়া। দীর্ঘ ৫৯৬ টেস্ট পর এমন অভূতপূর্ব একাদশ দেখা গেল।
ইতিহাস গড়া সেই ছয় বাঁহাতি
দলটির এই ছয় বাঁহাতি হলেন:
যশস্বী জয়সওয়াল
ওয়াশিংটন সুন্দর
ঋষভ পন্থ
রবীন্দ্র জাডেজা
অক্ষর প্যাটেল
কুলদীপ যাদব
এর আগে সর্বোচ্চ চারজন বাঁহাতি নিয়ে একাধিক ম্যাচ খেলেছিল ভারত। কিন্তু এই প্রথমবার একসঙ্গে ছয়জন বাঁহাতি ব্যাটারের উপস্থিতিতে নতুন অধ্যায় লিখল টিম ইন্ডিয়া।
ভারতীয় দলে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন
‘ফ্রিডম ট্রফি’-র প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে দুইটি পরিবর্তন এসেছে। বি সাই সুদর্শন ও নীতীশ কুমার রেড্ডি বাদ পড়েছেন।
দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন ঋষভ পন্থ, তবে এবার শুধুই ব্যাটার হিসেবে।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও।
দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা পাঁজরের চোটের কারণে এই টেস্টে খেলছেন না। তবে পাকিস্তান সফরে না থাকা অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন নেতৃত্বে। দল থেকে ডিউয়াল্ড ব্রেভিসকে বাদ দেওয়া হয়েছে এবং ফর্মে থাকা স্পিন-অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে বাদ দেওয়া ঘিরে প্রশ্ন উঠেছে।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: আইডেন মারকরম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), সাইমন হার্মার, মারকো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ।