ফের পিছিয়ে যাচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ! ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ম্যারাথন আর সেতুর ‘ট্রাফিক জটেই’ কাজ বন্ধের আশঙ্কা

ফের একবার সঙ্কটের মুখে চিংড়িঘাটায় মেট্রোর বাকি থাকা অংশের কাজ শুরুর বিষয়টি। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে যে কাজ শুরু হওয়ার কথা ছিল, কলকাতা পুলিশের আপত্তিতে তা আদৌ হবে কি না, সেই সংশয়ই এখন জোরালো। ইডেন গার্ডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বাড়তি নিরাপত্তা, শহরে ম্যারাথন এবং দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে এই গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্লক দিতে চাইছে না পুলিশ।
জানা যাচ্ছে, অরেঞ্জ লাইনের ৩৬৬ মিটার অংশের কাজ চিংড়িঘাটা এলাকায় বাকি রয়েছে। এই অংশটুকু জোড়া না গেলেই নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের কাজ সম্পন্ন হবে না। এই নিয়ে আইনি জটিলতা তৈরি হলে হাইকোর্ট পর্যন্ত জল গড়ায়। আদালতের নির্দেশে সব পক্ষ গত ৯ সেপ্টেম্বর বৈঠকে বসে এবং সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরশুম শেষ হলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক দিয়ে কাজ শেষ করবে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। এই সিদ্ধান্তে সায় দেয় কলকাতা হাইকোর্ট।
তবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতিতে ইডেনের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য নিরাপত্তা ব্যবস্থা অনেকটা বাড়াতে হয়েছে। এর পাশাপাশি রবিবার শহর জুড়ে রয়েছে একটি ম্যারাথন। আর এই সপ্তাহান্তে দ্বিতীয় হুগলি সেতুও বন্ধ থাকবে। এই কারণে চিংড়িঘাটার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্লক দেওয়া কঠিন।
পাশাপাশি, ট্রাফিক ব্লক করার আগে কাজের এলাকাতেই RVNL-এর তরফে একটি নতুন রাস্তা তৈরি করে দেওয়ার কথা। সেই বিকল্প রাস্তার শেষ মুহূর্তের কাজ এখনও বাকি। পুলিশ মনে করছে, বিকল্প রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ব্লক দেওয়া উচিত হবে না। সব মিলিয়ে ব্রিজ জোড়ার কাজ আরেকটু পিছিয়ে দেওয়ার পক্ষেই মত দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
এখন দেখার, মেট্রো কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনের দেওয়া নতুন দিন মেনে নেন, নাকি এই বিষয়ে আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আপাতত সেই সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে সবার।