হৃদরোগে আক্রান্ত ব্রাজিলিয়ান তারকা অস্কার! ফুটবল ছাড়ার কথা ভাবছেন, সাও পাওলোর পক্ষ থেকে খবর নিশ্চিত

একসময় গোল করে শূন্যে হৃদয় এঁকে দর্শকদের মন জয় করা ব্রাজিলিয়ান ফুটবল তারকা অস্কার গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি এবং এই অসুস্থতার কারণে তিনি ফুটবল ছাড়ার কথা ভাবছেন বলে জানা গিয়েছে। অস্কারের বর্তমান ক্লাব সাও পাওলো এই খবরটি নিশ্চিত করেছে।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার কিছুদিন আগে পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ফিটনেস পরীক্ষা দিতে গিয়েই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সাও পাওলোতে ৩ বছরের চুক্তি, মাত্র ২১ ম্যাচ
অসুস্থ অস্কারকে দ্রুত অ্যাম্বুল্যান্স করে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা তাঁকে বিশেষ নজরে রেখেছেন। সাও পাওলো ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্কারের বিষয়ে নতুন কোনো তথ্য পেলে তা ফুটবলারের সম্মতি নিয়েই প্রকাশ করা হবে।
২০১৪ সালে জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার সেই ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি এসেছিল অস্কারের পা থেকেই।
তিন বছরের চুক্তিতে সাও পাওলোতে সই করেছিলেন অস্কার। কিন্তু চলতি বছর জুলাইয়ে চোট পাওয়ায় তিনি বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটান। এ বছর তিনি মাত্র ২১টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের পর থেকে তাঁকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি। তাঁর এই হঠাৎ অসুস্থতা ব্রাজিলের ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।