SIR-এ রেকর্ড কাজ, ফর্ম বিলিতে সমস্যা কোথায়? রাতে সমস্ত BDO ও ERO-দের সঙ্গে ম্যারাথন বৈঠকে কমিশন

রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংক্রান্ত এনুমারেশন (SIR) নিয়ে জোর কদমে কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা মতোই এই মুহূর্তে রাজ্যের সর্বত্র বিএলও (BLO)-রা ফর্ম বিলির কাজ করছেন। জানা গিয়েছে, বুধবার বিকেল ৪টে পর্যন্ত প্রায় ৬ কোটি ৮৭ লাখ ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে।
ফর্ম বিলির অগ্রগতি ও রাজ্য জুড়ে এসআইআর-এর অবস্থা পর্যালোচনা করতে আজ রাতেই জরুরি বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথমে তিনি ভিডিও কলের মাধ্যমে সব জেলার বিডিওদের (BDO) সঙ্গে বৈঠক সারবেন। এরপর রাতে রাজ্যের সমস্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ERO) সঙ্গে ম্যারাথন বৈঠকে বসার কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হল, যে সমস্ত জেলা থেকে বিএলও এবং বিএলএ-দের (BLA) বিরুদ্ধে কাজ নিয়ে অভিযোগ আসছে, সেই বিষয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। সিইও রাতের বৈঠকে সেই রিপোর্টগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। একই সঙ্গে, কত ফর্ম বিলি হয়েছে এবং কত বাকি রয়েছে—এই সমস্ত তথ্যও খতিয়ে দেখা হবে।
নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে চাইছে। কমিশন সূত্রে খবর, আর কয়েক দিনের মধ্যেই রাজ্যের সর্বত্র এই বিশেষ এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ করে দেওয়া হবে। এরপর ফর্ম জমা নেওয়া ও ডেটা প্রসেসিং-এর পর্ব শুরু হবে। কোথায় ফর্ম বিলি করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে, বা কোনো ইআরও-র এলাকায় কাজের গতি কম কিনা, তা এই বৈঠকে আলোচনা করে সমস্যার সমাধানসূত্র বের করার চেষ্টা করা হবে।