রাজগঞ্জ BDO অফিসে তুলকালাম! দুর্নীতির অভিযোগে ঘেরাও, তীব্র বিক্ষোভে অভিযুক্ত আধিকারিকের নীরবতা

দুর্নীতির অভিযোগে রাজগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের (BDO) কার্যালয় ঘিরে তীব্র বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। BDO প্রশান্ত বর্মণের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের দাবিতে বুধবার উত্তাল হয়ে ওঠে রাজগঞ্জ BDO অফিস চত্বর।
বিজেপি কর্মীদের অভিযোগ, BDO প্রশান্ত বর্মণ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের দাবি, অবিলম্বে এই আধিকারিকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা BDO অফিসের প্রবেশদ্বার ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মৃদু ধাক্কাধাক্কিও হয় বলে খবর।
তীব্র স্লোগান এবং ঘেরাওয়ের ফলে BDO অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। তবে এই বিষয়ে অভিযুক্ত BDO প্রশান্ত বর্মণের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।