বিয়ের ১১ মাসেই চরম পরিণতি! বেঙ্গালুরুতে ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে অনুমান!

বেঙ্গালুরুতে (Bengaluru) এক বেসরকারি ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেছেন। মৃতের নাম গগন রাও, বয়স ৩১।

পুলিশ সূত্রে খবর, স্ত্রী ও পরিবার নিয়ে বেঙ্গালুরুর হোসাকেরেহাল্লি এলাকায় থাকতেন গগন। ওই বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

বিয়ের ১১ মাসের মধ্যে বিবাদ

জানা গিয়েছে, মাত্র ১১ মাস আগেই কলেজ পড়ুয়া মেঘনার সঙ্গে গগন রাও-এর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে নিয়মিত বিবাদ লেগে থাকত। খুঁটিনাটি বিষয় নিয়েই তাঁদের মধ্যে তুমুল অশান্তি বাঁধত।

পুলিশের অনুমান, এই লাগাতার অশান্তির জেরেই গগন রাও ঘরের দরজা বন্ধ করে চরম পদক্ষেপ নেন।

দীর্ঘক্ষণ পরেও ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় স্ত্রী মেঘনার। এরপর তিনিই প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।