পিকে-র ভবিষ্যৎ কী? নীতীশ কুমারকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিথ্যা হলে কি ভোট কুশলীর কাজ ছাড়বেন প্রশান্ত কিশোর?

রাজনীতি ও সমাজ জীবনে কিছু মানুষের উল্কার মতো উত্থান ঘটলেও তার ধারাবাহিকতা বজায় থাকে না। ভোট কুশলী প্রশান্ত কিশোর (পিকে) বর্তমানে তেমনই এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর প্রকাশিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা (Bihar Exit Poll) পিকে-র দল ‘জন সুরাজ’-এর জন্য হতাশার বার্তা নিয়ে এসেছে। এই আবহে তাঁর একটি পুরনো মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গুজরাটে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনা থেকে শুরু করে বাংলায় তৃণমূলকে ২০০ পার করানোর কারিগর ছিলেন পিকে। সেই প্রশান্ত কিশোর এবার ভোট কুশলীর কাজ ছেড়ে বিহারে নিজের দল ‘জন সুরাজ’ গড়েছেন এবং সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীও দিয়েছেন।

নীতীশকে নিয়ে করা পিকে-র ভবিষ্যদ্বাণী
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পিকে ঘোষণা করেছিলেন, বিজেপি ১০০ আসন পেরোলে তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দেবেন। তাঁর কথা অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় তাঁর দর ও বিশ্বাসযোগ্যতা তুঙ্গে ওঠে।

এবার বিহার ভোটে পিকে দাবি করেছিলেন, এটিই নীতীশ কুমারের শেষ নির্বাচন এবং তাঁর দল সংযুক্ত জনতা পার্টি (জেডইউ) ২৫টির বেশি আসনে জিতবে না। বিহারে জেডিইউ ১০১টি আসনে লড়েছে। নীতীশ ২৫ অতিক্রম করতে না পারলে এনডিএ জোটের পতন অনিবার্য ছিল।

বুথ ফেরত সমীক্ষায় উল্টো ফল
তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রকাশিত বুথ ফেরত সমীক্ষাগুলির অধিকাংশ পূর্বাভাস অনুযায়ী, এনডিএ জোট বিহারে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং নীতীশ কুমারের দল ভালো ফল করতে পারে।

দৈনিক ভাস্কর: এনডিএ ১৪৫-১৬০ আসন, মহাগঠবন্ধন ৭৩-৯১ আসন।

ম্যাট্রিজ: এনডিএ ১৪৭-১৬৭ আসন, বিরোধী জোট ৭০-৯০ আসন।

পিপলস ইনসাইট: এনডিএ ১৩৩-১৪৮ আসন, মহাগঠবন্ধন ৮৭-১০২ আসন।

এই সমীক্ষার ফল যদি বাস্তবের সঙ্গে মেলে, তাহলে নীতীশ কুমারের ভালো ফল করার কথা। ভোট বিশ্লেষকরা মনে করছেন, এবার ভোটের হার বেড়েছে, বিশেষত মহিলাদের ভোট বেড়েছে প্রায় ১২ শতাংশ। নীতীশ কুমার দীর্ঘ ২০ বছর ধরে মহিলা ভোটব্যাঙ্ককে সযত্নে লালন করায় এই বাড়তি ভোট তাঁর পক্ষেই গেছে।

এরপর প্রশান্ত কিশোর কী করবেন?
পিকে এই বিষয়ে এখনও কোনও জবাব দেননি। তবে পর্যবেক্ষকদের মতে, যদি তাঁর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয় এবং নীতীশ ফের মুখ্যমন্ত্রী হন, তাহলে প্রশান্ত কিশোরের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ধাক্কা খাবে। সেক্ষেত্রে জাতপাত দীর্ণ বিহারের রাজনীতিতে তাঁর দল ‘জন সুরাজ’ অচিরেই নন-স্টার্টার হয়ে যেতে পারে।

তবে যদি তাঁর পূর্বানুমান সত্যি হয়—অর্থাৎ নীতীশ ২৫ আসন অতিক্রম করতে না পারেন এবং জন সুরাজ যদি ৮-১০ শতাংশ ভোট কাটতে পারে—তাহলে পিকে-র দল আপাতত টিকে যেতে পারে এবং আগামী দিনে বিহার তথা হিন্দি বলয়ে একটি আঞ্চলিক শক্তি হয়ে ওঠার সুযোগ পাবে।