বাড়িতে ঢুকে ছাত্রীকে খুন প্রাক্তন বন্ধুর, ৩০০ পাতার চার্জশিট জমা পুলিশের

প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল রাজ্যজুড়ে। নদীয়ার কৃষ্ণনগরে ঘটে যাওয়া তরুণী ঈশিতা মল্লিক হত্যা কাণ্ডের ৭৮ দিনের মাথায় জেলা আদালতে ৩০০ পাতার সুবিশাল চার্জশিট জমা দিল পুলিশ। মঙ্গলবার কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকওয়ানা মিত কুমার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান।
গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঈশিতা মল্লিকের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে তাঁর প্রাক্তন প্রেমিক দেশরাজ সিং, এমনটাই অভিযোগ উঠেছিল। তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় দেশরাজ তা মেনে নিতে পারেনি বলেই এই হত্যাকাণ্ড বলে জানা যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত দেশরাজ পলাতক ছিল। পুলিশ তদন্ত শুরু করে প্রথমে দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশরাজ সিংকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এরপর অপরাধের পর ছেলেকে গা ঢাকা দিতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয় দেশরাজের বাবা এবং বিএসএফ কর্মী রাঘবেন্দ্র প্রতাপ সিংকে।
মঙ্গলবার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে যে ৩০০ পাতার চার্জশিট জমা দিয়েছে, তাতে মূল অভিযুক্ত দেশরাজ সিং ছাড়াও তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং এবং মামা কুলদীপ সিং-কেও বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতা)-এর একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছে। উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। পুলিশ আশা করছে, এই চার্জশিটের ভিত্তিতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নিহত তরুণী ঈশিতা মল্লিকের পরিবার সুবিচার পাবে।