‘গরিবের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত নয়’, ১১০টি ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিটের উদ্বোধন করে স্বাস্থ্যসাথী নিয়ে সরব মমতা

স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান এবং কার্ড গ্রহণ করে পূর্ণ পরিষেবা না-দেওয়ার একাধিক অভিযোগের ভিত্তিতে এবার বেসরকারি হাসপাতালগুলিকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।
এ দিন স্বাস্থ্য ভবনে তৃণমূল রাজ্যসভার সাংসদদের তহবিল থেকে ১১০টি ভ্রাম্যমাণ মেডিক্যাল মোবাইল ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বারাসতের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আসা একটি গুরুতর অভিযোগ নিয়ে সরব হন।
বারাসতের হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ:
মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে সরাসরি অভিযোগ এসেছে যে বারাসতের একটি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে মাত্র ২ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার পরিষেবা দেবে বলে জানিয়েছে। বাকি খরচ রোগীকে নিজের পকেট থেকে দিতে হবে।
এই প্রসঙ্গে মমতা বলেন:
“আমার কাছে সরাসরি অভিযোগ এসেছে, বারাসতের একটি হাসপাতাল নাকি বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে মাত্র ২ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা হবে। বাকিটা রোগীকে নিজের পকেট থেকে দিতে হবে। এই স্পর্ধা তারা পায় কোথা থেকে? এই প্রকল্প তো ৫ লক্ষ টাকার সম্পূর্ণ কভারেজ দেয়।”
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ:
এরপরই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে উদ্দেশ্য করে কড়া নির্দেশ দেন:
“আমি নারায়ণ স্বরূপ নিগমকে (স্বাস্থ্যসচিব) বলেছি, ওই হাসপাতালকে অবিলম্বে শো-কজ নোটিশ পাঠান। প্রয়োজনে লাইসেন্স বাতিল করুন। গরিব মানুষের অধিকার নিয়ে কোনও ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।”
তবে রাজ্যের বহু নামী বেসরকারি হাসপাতালে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করার অভিযোগ একাধিকবার উঠেছে। তাই মুখ্যমন্ত্রীর এই মৌখিক হুঁশিয়ারি বাস্তবে কতটা কাজ দেবে, তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে।
ভালো কাজের সমালোচনা নিয়ে ক্ষোভ:
এ দিন ১১০টি ভ্রাম্যমাণ মেডিক্যাল মোবাইল ইউনিটের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী সরকারের ভালো কাজের প্রশংসা না করা নিয়ে বিরোধীদের নিশানা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন:
“আমরা দিনরাত এক করে রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছি। কিন্তু, সামান্য কিছু হলেই একদল লোক ঝাঁপিয়ে পড়ছে, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। ভালো কাজগুলো তাদের চোখে পড়ে না। মানুষের জন্য কাজ করতে গেলে ছোটখাটো ভুলত্রুটি হতেই পারে। কিন্তু, আমাদের উদ্দেশ্য সৎ।”
মোবাইল মেডিক্যাল ইউনিট:
উল্লেখ্য, রাজ্যসভার সাংসদদের তহবিলের অর্থে স্বাস্থ্য ভবন মোট ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট তৈরি করছে। প্রতিটি ছোট ট্রাভেলার বাসে একজন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান থাকবেন। বাসগুলিতে প্যাথলজি, রক্ত, মল-মূত্রের নমুনা পরীক্ষা-সহ নানান ব্যবস্থা থাকবে, যা শহর থেকে জেলা সর্বত্র ঘুরে-ঘুরে পরিষেবা দেবে। এদিন সেই ২১০টি ইউনিটের মধ্যে ১১০টির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।