নারীর লড়াই থেকে উত্থান! সতীদাহ, বাল্য বিবাহ ফুটে উঠল রাসের মণ্ডপে, ‘রত্নগর্ভা’ থিমে মুগ্ধ দাঁইহাট

ঐতিহ্যবাহী রাস উৎসবকে কেন্দ্র করে বর্তমানে মেতে উঠেছে দাঁইহাট শহর। শহর জুড়ে তৈরি হয়েছে একাধিক নজরকাড়া বিগ বাজেটের মণ্ডপ। তারই মধ্যে অভিনব থিম এবং সামাজিক সচেতনতার বার্তা নিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে ইন্দিরা স্মৃতি সংঘের মণ্ডপ। এই বছর তাঁদের থিম ‘রত্নগর্ভা’।

গোটা মণ্ডপ জুড়ে তুলির টানে লেখায় এবং ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে মেয়েদের লড়াই ও উত্থানের গল্প। সতীদাহ প্রথা থেকে শুরু করে বাল্য বিবাহ— অতীতে নারীদের উপর ঘটে যাওয়া একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, বর্তমান সময়ে সমাজে নারীর অবস্থান এবং উত্থানের কাহিনীও বলা হয়েছে। এই অভিনব ভাবনার মাধ্যমে ক্লাবটি সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে চেয়েছে।

বাজেট ও ভাবনা:

ক্লাবের সভাপতি দীপক কুমার ঘোষ এই থিম প্রসঙ্গে জানান, “এবারের প্যান্ডেলে আমাদের বাজেট ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং লাইটিংয়ের জন্য ৮০ হাজার টাকা। ক্লাবের সকল সদস্য মিলে সাধারণ মানুষকে একটি সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্যই আমরা এই থিম তুলে ধরেছি।”

ক্লাবের তরফে জানানো হয়েছে, স্থানীয় এক শিল্পী তথা ক্লাবেরই এক সদস্য এই সম্পূর্ণ মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। কাঠ, শাড়ি, রঙ, ছবি ইত্যাদি ব্যবহার করে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। মণ্ডপ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন বহু দর্শনার্থী।

দর্শনার্থীদের প্রতিক্রিয়া:

দাঁইহাটের রাস উৎসব দেখতে আসা দর্শনার্থীরা এই থিমের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের কথায়, “শহরজুড়ে অনেক থিম হলেও এটি বেশ অন্যরকম। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই থিমের মধ্যে নারী শক্তির কথা তুলে ধরা হয়েছে। আশা করছি ছোট থেকে বড় সকলেই অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন।”

বহু পুরনো এই দাঁইহাটের উৎসব সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে এখন রাস পূর্ণিমা ও শোভাযাত্রার রূপ নিয়েছে। নজরকাড়া আলোকসজ্জা, মণ্ডপসজ্জা দেখতে সমগ্র দাঁইহাটের রাস্তায় জনস্রোত নেমেছে। ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি পাহারা।