‘দিদি সিএএ নিয়ে চক্রান্ত করছেন!’ তাহেরপুরে CAA ক্যাম্পের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!

সিএএ (CAA) ক্যাম্পের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নদীয়ার তাহেরপুর থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে তিনি সরাসরি অভিযোগ তোলেন যে, “সিএএ নিয়ে চক্রান্ত করছেন দিদি।” পাশাপাশি রাজ্যজুড়ে চলা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, এসআইআর (SIR) নিয়েও বিস্ফোরক দাবি করলেন তিনি।
তাহেরপুরের সভা মঞ্চ থেকে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বর্তমানে এসআইআর (Special Intensive Revision) নিয়ে রাজ্যে বড় ধরনের চক্রান্ত চলছে।
তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রসঙ্গে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
বিজেপি রাজ্য সভাপতির আরও বিস্ফোরক দাবি, এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীনে নয়, বরং রাজ্য সরকারের নিয়ন্ত্রণেই চলছে।
সুকান্ত মজুমদারের মতে, “রাজ্যের বিডিওরা এখন দিদিমণির কর্মচারী হিসেবে কাজ করছেন। তাঁদের অনেককেই এআরও (ARO – Assistant Electoral Registration Officer) করা হয়েছে।”
সিএএ (Citizenship Amendment Act) প্রসঙ্গে রাজ্যের মানুষকে ভয় না পাওয়ার আহ্বান জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সিএএ নিয়ে ভয় পাবেন না। বিজেপি আপনাদের সঙ্গে আছে। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব।”
তৃণমূলের প্রচার কৌশলকে নস্যাৎ করে তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি কালীদাস নয়, যে নিজের ডাল কেটে দেবে! যাঁরা বিজেপিকে ভোট দেন, যাঁদের গলায় কাঠের মালা বা সিঁদুর আছে, তাঁদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? তাহলে তো আমরা সরকারেই থাকতে পারব না!”
এ প্রসঙ্গে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা বগুলা থেকে এসেছি। আমাদের ওপারে জমি কম ছিল না। আমার ঠাকুরদা এসেছিলেন যাতে ঠাকুমা রাতে তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারেন। তাই ভয়ের কিছু নেই।”
রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন নিয়েও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, “তৃণমূলের আই-প্যাক (I-PAC) টিমের মাধ্যমে ভোটার তালিকা তৈরি হচ্ছে। প্রতিটি বুথে বেছে বেছে প্রায় দশজন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।”
তিনি সেইসব মানুষদের উদ্দেশে বলেন, “যাদের নাম এসআইআরে নেই, তারা যেন সিএএ-র আওতায় আবেদন করেন। বিজেপি আপনাদের পাশে আছে।”