“আনন্দের কান্না,” “অসাধারণ অ্যাচিভমেন্ট!” মহিলা টিম ইন্ডিয়াকে শুভেচ্ছায় ভরাল বলিউড!

রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ (ICC Women’s Cricket World Cup 2025) জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস তৈরি করেছে। দীর্ঘ ৫০ বছর পর দেশের মাটিতে এই ঐতিহাসিক জয় উদযাপনে মেতেছে গোটা দেশ, যার ঢেউ আছড়ে পড়েছে বলিউডেও। অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, হৃতিক রোশন থেকে শুরু করে একাধিক তারকা সমাজমাধ্যমে দলের এই ঐতিহাসিক জয় উদযাপন করেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স, আত্মবিশ্বাস এবং ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটানোর জন্য তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে দলের ছবি শেয়ার করে লেখেন, “আমাদের চ্যাম্পিয়নদের অভিনন্দন #TeamIndia।” এদিকে, অভিনেত্রী করিনা কাপুর খান স্বীকার করেছেন যে জয়ের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ম্যাচের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো শেয়ার করে হার্ট ইমোজি ব্যবহার করে তিনি লেখেন, “এ তো আনন্দের কান্না।”
অভিষেক বচ্চন তাঁর আনন্দ প্রকাশ করে সমাজমাধ্যমে লেখেন, “কাম অননন!!!! ইন্ডিয়াআআআ!!! বিশ্ব চ্যাম্পিয়নস। দুর্দান্ত খেলেছো মহিলা ব্রিগেড।”
অভিনেতা সুনীল শেঠী মহিলা টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “প্রাণশক্তি। দৃঢ়তা। নির্মল হৃদয়। আর এভাবেই ইতিহাস উজ্জ্বল হয়ে ওঠে! আমাদের নীল পোশাকের নারীরা গৌরবের পিছনে ছোটেনি। তারা দেশকে গৌরবান্বিত করেছে। চিৎকার করে বলুন – আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।”
অভিনেতা হৃতিক রোশন লেখেন, “জিতে গিয়েছি। হিস্টোরিক। অভিনন্দন টিম ইন্ডিয়া। প্রথমবার মহিলা ব্রিগেড বিশ্বকাপ এনেছে ঘরে। প্রত্যেকের প্রতি ভালোবাসা-শ্রদ্ধা।”
অভিনেত্রী অনুষ্কা শর্মা সমাজমাধ্যমে লেখেন, “তোমরা চ্যাম্পিয়ন। অসাধারণ অ্যাচিভমেন্ট।” অন্যদিকে, কিয়ারা আদবানি লেখেন, “তোমরা ইতিহাস তৈরি করেছ। অভিনন্দন ওমেন ইন ব্লু।”