দুর্গাপূজার মতোই ভিড় হবে? চন্দ্রকোনার জগদ্ধাত্রী পুজো ও মিলনমেলায় নিরাপত্তা জোরদার

বৃষ্টি মাথায় নিয়েই অবশেষে উদ্বোধন হল চন্দ্রকোনার বহু প্রতীক্ষিত সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার। প্রতি বছরই আলোর রোশনাই, চোখ ধাঁধানো থিমের মণ্ডপ এবং নজরকাড়া প্রতিমা গড়ে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে এই ‘চন্দ্রকোনা জগদ্ধাত্রী পুজো ও মিলনমেলা কমিটি’। চন্দ্রকোনার সুরেরহাটে এই পুজোটি স্থানীয় বিধায়ক অরূপ ধাড়ার পুজো হিসেবে বিশেষভাবে পরিচিত।
উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা ও মহকুমা প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া জানান, পুজোর এই চারদিন উপলক্ষে নানান নামী-দামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী মিলন মেলাও, যা দর্শনার্থীদের কাছে বাড়তি পাওনা।
বৃষ্টির কারণে আপাতত স্থানীয় মানুষের বাইরে বেরোতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, আকাশ পরিষ্কার হয়ে গেলেই দুর্গাপুজো এবং কালীপূজার মতোই জগদ্ধাত্রী পুজোয় ব্যাপক জনসমাগম হবে এবং সকলে আনন্দের সঙ্গে মেতে উঠবেন।
এদিকে, মণ্ডপ ও সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। সবমিলিয়ে, স্থানীয় মানুষজন যাতে নির্বিঘ্নে জগদ্ধাত্রী পুজোর উৎসবে সামিল হতে পারেন, সেই প্রচেষ্টাই করছে উদ্যোক্তা কমিটি।