‘দীর্ঘদিন ধরে ডাইনি অপবাদ দিত…’ আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন! পুরুলিয়ার চাপুরি গ্রামে কেন এই বর্বরতা?
October 21, 2025

ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে কুপিয়ে খুনের মতো এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটল পুরুলিয়ার চাপুরি গ্রামে। ঘরের মেঝে থেকে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। এই খুনের অভিযোগ উঠেছে খোদ মৃতার আত্মীয়দের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়েই তাঁকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আত্মীয়দের একাংশ ওই মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিত।
পরিবারের দাবি, গত সোমবার (গতকাল) স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্তরা ধারালো অস্ত্র হাতে ওই মহিলার উপর চড়াও হয়। এরপর তাঁকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় গোটা চাপুরি গ্রামে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং চার অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনা আবারও সমাজের অন্ধকার দিকটি সামনে নিয়ে এল।