শব্দবাজির তাণ্ডবে বিষাক্ত বাতাস! দিল্লি-মুম্বই-কলকাতা-জয়পুরে দূষণের চরম সতর্কতা, ঘন কুয়াশার চাদরে ঢাকল মহানগর

দীপাবলির মরসুম কাটতেই দেশের একাধিক বড় শহরে বায়ু দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেল। দিল্লি, মুম্বই, জয়পুর এবং কলকাতার মতো মহানগরগুলিতে বাতাসের গুণমান সূচক (Air Quality Index বা AQI) চরম পর্যায়ে পৌঁছেছে। শব্দবাজির তীব্র দাপট ও ধোঁয়াই এই ভয়াবহ দূষণের মূল কারণ বলে মনে করা হচ্ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজি পোড়ানোর ফলে যে সূক্ষ্ম কণা এবং বিষাক্ত গ্যাস বাতাসে মিশেছে, তাতেই AQI রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছে বহু মানুষের জন্য।
বাতাসের গুণমান পরিমাপকারী সংস্থাগুলির তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দিল্লি রয়েছে দূষণের নিরিখে সর্বাধিক শীর্ষে। রাজধানীতে দূষণের মাত্রা এতটাই বেশি যে, ঘন কালো ধোঁয়া ও ধূলিকণার মিশ্রণে কৃত্রিমভাবে কুয়াশার সৃষ্টি হয়েছে। যার ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। একইরকম পরিস্থিতি দেখা যাচ্ছে বাণিজ্য নগরী মুম্বই এবং রাজস্থানের জয়পুরেও। সেখানেও দূষণের জেরে কুয়াশা তৈরি হয়েছে।
এই অত্যাধিক দূষণের ফলে সাধারণ মানুষ, বিশেষত শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের স্বাস্থ্য নিয়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে পরিবেশপ্রেমীরা।