‘লাভের গুড় খাচ্ছে তৃণমূল, দেনার দায়ে জর্জরিত রাজ্য!’ সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন দিলীপ ঘোষ

রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করলেন, রাজ্যের ‘লাভের গুড়’ তৃণমূলের নেতারা খাচ্ছে, আর সাধারণ মানুষ ‘দেনার দায়’ বহন করছে। সোমবার খড়গপুরে দাঁড়িয়ে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে। কারণ তৃণমূল সরকার এখন মুনাফাখোরে পরিণত হয়েছে। বর্ষার পর রাজ্যের রাস্তাঘাটের বেহাল দশা, কিন্তু দেউলিয়া সরকারের কাছে সেই রাস্তা সারানোর অর্থ নেই।” তাঁর কটাক্ষ, তৃণমূলের নেতাদের পকেট ভরছে, অথচ রাজ্যের কোষাগার খালি।

গোর্খাল্যান্ড ইস্যুতে মমতাকে পাল্টা দিলীপ

অন্যদিকে, গোর্খা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি দেওয়ার প্রসঙ্গেও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, “কেন্দ্র সরকারকে তাঁদের নিজেদের কাজ করতে দেওয়া উচিত। সব জায়গায় রাজনীতি করা উচিত নয়।”

প্রসঙ্গত, সম্প্রতি দার্জিলিং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলে গোর্খা সমস্যা নিয়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে তিনি ‘একতরফা সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছিলেন। চিঠিতে তিনি জানান, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং এই অঞ্চল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। জিটিএ ভারত সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল, সেকথাও চিঠিতে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য, কেন্দ্রকে নিজেদের কাজ করতে দেওয়া উচিত, রাজ্য সরকারের তাতে বাধা দেওয়া বা রাজনীতি করা ঠিক নয়।