‘গর্ব সে কহো ইয়ে স্বদেশী হ্যায়’! আলোর উৎসবে দেশবাসীকে কী মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী মোদী?

বছরভর অপেক্ষার পর আসা আলোর উৎসব দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা-নেত্রী। সোমবার সকালে এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকেই তাঁদের আন্তরিক বার্তা জ্ঞাপন করেন।

দীপাবলিতে মোদীর ‘স্বদেশীকতা’ প্রচার:

এদিনের শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব্যে বিশেষ প্রাধান্য পেল ‘স্বদেশীকতা’-র প্রচার। সকালে এক্স-এ দেশবাসীর উদ্দেশ্যে তিনি লেখেন, “দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক।”

এর সঙ্গেই প্রধানমন্ত্রী দীপাবলির উৎসবের মরসুমে দেশীয় পণ্য কেনার প্রতি মানুষকে ফের আহ্বান জানান। তিনি লেখেন, “আসুন, ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে এই উৎসবের মরশুমে আমরা উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি এবং বলি – গর্ভ সে কহো ইয়ে স্বদেশী হ্যায় (গর্বের সঙ্গে বলুন, এটা স্বদেশী)! আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।”

অন্যান্য নেতা-মন্ত্রীদের বার্তা:

রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (Draupadi Murmu) এক্সে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসী এবং দেশের বাইরের ভারতীয়দের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আলোর উৎসবে দেশের মানুষের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা এই উপলক্ষে জাতিকে উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান।

অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দীপাবলিকে ‘সত্যের চিরন্তন জয়’-এর প্রতীক বলে উল্লেখ করেন। তিনি লেখেন, “দীপাবলি কেবল প্রদীপ জ্বালানোর একটি রীতি নয়, বরং আত্মায় আশার আলো, সমাজে সম্প্রীতির স্পন্দন এবং জাতীর পুনরুজ্জীবনের সংকল্প। ভগবান শ্রী রাম এবং মা জানকীর কৃপা কেবল আমাদের ঘরবাড়ি নয়, আমাদের হৃদয়কেও আলোকিত করুক—এটাই আমার প্রার্থনা। জয় জয় সিয়ারাম!”