হংকংয়ে ভয়ংকর বিমান দুর্ঘটনা! রানওয়ে পিছলে সমুদ্রে পড়ল পণ্যবাহী বিমান, মৃত্যু ২ জনের

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে (Hong Kong International Airport) ভয়ংকর বিপদ ঘটল! অবতরণের সময় রানওয়ে থেকে হঠাৎ পিছলে পাশের সমুদ্রে পড়ে গেল একটি পণ্যবাহী বিমান। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি সামনে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে এবং সেই গাড়ি-সহ সোজা গিয়ে পড়ে সমুদ্রে। এটি যাত্রীবাহী বিমান না-হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, শেষ আপডেট অনুযায়ী এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

রানওয়ে থেকে পিছলে বড় বিপদ:

হংকং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবাই ফেরত এমিরেট্‌স এয়ারলাইন্সের পণ্যবাহী বিমানটি আজ সোমবার ভোর ৩টে ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এই বোয়িং ৭৪৭ বিমানটিতে পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন। সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে এবং তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভোরের দিকে আবহাওয়া কিছুটা খারাপ ছিল। এই কারণে কার্গো ফ্লাইটটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি এবং নিয়ন্ত্রণের অভাবে এটি রানওয়েতে পিছলে যায়। পাইলট ফ্লাইটের নিয়ন্ত্রণ হারান এবং বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মেরে সেই গাড়ি-সহ সমুদ্রে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় ২ জনের মৃত্যু:

ফ্লাইটের সকলেই সুরক্ষিত থাকলেও, গাড়ির মধ্যে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন বিমানবন্দরের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার্গো ফ্লাইটটির একটি অংশ সমুদ্রে ডুবে গিয়েছে। নৌকায় চড়ে উদ্ধারকারীরা বিমানের কাছে পৌঁছেছেন এবং উদ্ধারকাজ চলছে।

বিমানের তথ্য:

এমিরেট্‌স এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত বোয়িং ৭৪৭ বিমানটি অন্য একটি বিমান সংস্থার কাছ থেকে নেওয়া হয়েছিল এবং এটি ৩২ বছর পুরোনো। যদিও এটি যাত্রী পরিবহণেও ব্যবহার করা হয়ে থাকে, তবে সম্প্রতি পণ্য পরিবহণের প্রয়োজনে বিমানটিকে ব্যবহার করা হচ্ছিল।

বিমানবন্দরটি আপাতত বন্ধ রাখা হয়েছে।