ইংল্যান্ডের কাছে মাত্র ৪ রানে হার! মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে কি জায়গা করতে পারবে ভারত? জেনে নিন কঠিন সমীকরণ

চলতি মহিলা বিশ্বকাপে (ICC Women’s World Cup) ভারতীয় দলের পারফর্ম্যান্স খুব একটা ভালো নয়। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং সবশেষে গতকাল ইন্দোরে ইংল্যান্ডের কাছে মাত্র ৪ রানে হারের পর সেমিফাইনালে (Semi-Final) যোগ্যতা অর্জন করা নিয়ে মাথায় হাত পড়েছে অধিনায়ক হরমনপ্রীত কৌরদের। ৫ ম্যাচের মধ্যে ৩টি হার ও ২টি জয় নিয়ে বর্তমানে ভারতীয় নারী দল ৪ পয়েন্টে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
ইংল্যান্ডের দেওয়া ২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত নির্ধারিত ওভারে ২৮৪ রান করে। ৪ উইকেট হাতে থাকলেও লক্ষ্য পূরণ করতে না পারায় ৪ রানের ব্যবধানে হার মানতে হয় হরমন সেনাকে। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা (৮৮ রান) এবং অধিনায়ক হরমনপ্রীত (৭০ রান)।
সেমিফাইনালে ওঠার সমীকরণ:
এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে ভারতের ঠিক নিচে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে সেমিফাইনালে জায়গা করে নিতে ভারতীয় দলকে বেশ কঠিন সমীকরণের মধ্যে দিয়ে যেতে হবে।
১. দুটি ম্যাচেই জয় (নিউজিল্যান্ড ও বাংলাদেশ): ভারতীয় দলকে সেমিফাইনালে জায়গা করতে হলে আসন্ন দুই ম্যাচ, অর্থাৎ নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুই মহারণের দুটিতেই জিততে হবে। হিসেব বলছে, এই দুই ম্যাচে জিততে পারলেই টিম ইন্ডিয়ার মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করার সুযোগ থাকবে।
২. একটি ম্যাচে হারলে কী হবে? সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত যদি আগামী দুই ম্যাচের মধ্যে একটিতে হেরে যায়, সেক্ষেত্রে তাদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়বে। সেই পরিস্থিতিতে হরমনদের নির্ভর করতে হবে নিউজিল্যান্ডের পরাজয়ের উপর। তবে শুধু নিউজিল্যান্ড হারলেই হবে না, ভারতকে তাদের আসন্ন বাকি ম্যাচগুলির মধ্যে যেকোনও একটিতে বড় ব্যবধানে জিততে হবে। তবেই নেট রান রেটের মাধ্যমে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের আসন পাকা হতে পারে ভারতীয় নারী বাহিনীর।