বাড়ি থেকে উদ্ধার চার বছরের শিশুর রক্তাক্ত দেহ! সোনারপুরে রহস্যজনক মৃত্যু ঘিরে তোলপাড়, খুনের আশঙ্কা পুলিশের

সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকা থেকে প্রত্যুষা কর্মকার নামে চার বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় আচমকা বাড়িটি থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পান তাঁরা। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরে ঢুকতেই দেখেন, মেঝেতে রক্তে ভেজা অবস্থায় পড়ে রয়েছে প্রত্যুষা। সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, প্রত্যুষার মা কলকাতার একটি নামী বৈদ্যুতিক বিপণিতে এবং বাবা একটি বেসরকারি হাসপাতালে স্টাফ হিসেবে কর্মরত। প্রতিদিনের মতো রবিবারও তাঁরা কাজে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে সেই সময় ছিলেন শিশুটির দাদু, দিদা এবং দেখভালের দায়িত্বে থাকা এক পরিচারিকা। তাঁদের সামনেই এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েই রহস্য তৈরি হয়েছে।
মৃত শিশুটির দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়ায় প্রাথমিকভাবে খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা।
ইতিমধ্যেই দাদু, দিদা এবং পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একই সঙ্গে বাড়িটি সিল করে দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এমন এক নিরীহ শিশুর করুণ পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।