“৯৯.০০৯ শতাংশ আমিই দাঁড়াব…”! বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কেন নিজেকে ফের প্রার্থী ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা?

আগামী বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢের দেরি, এখনও প্রায় মাস সাতেক বাকি। তার উপর কোনও রাজনৈতিক দল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু সেই প্রথা ভেঙে পূর্ব মেদিনীপুরের ময়না আসনের বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda) কার্যত নিজেই নিজের নাম ঘোষণা করে দিলেন আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে।

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ঘোষণা:

রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিধায়ক অশোক দিন্দা এই ঘোষণা করেন। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, তা বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, ২০২৬ সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে। ৯৯.০০৯ শতাংশ আমিই দাঁড়াব।” বিধায়কের এই ঘোষণায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সভাস্থল হাততালিতে মুখর হয়ে ওঠে।

প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা:

কেন তিনি নিজেকে ফের ময়নার প্রার্থী হিসেবে দেখছেন, সেই কারণও ব্যাখ্যা করেন অশোক দিন্দা। তিনি বলেন, “গত সাড়ে চার বছর ধরে আমি ময়না বিধানসভাতেই পড়ে আছি। সবসময় মানুষের কথা ভাবি।” দিন্দার বক্তব্য, এলাকার মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ ও কাজের জোরেই তিনি আবারও এই কেন্দ্র থেকে লড়তে চান।

‘SIR’ নিয়ে বিস্ফোরক মন্তব্য:

বিজেপির এই বিধায়ক এদিন ভোটার তালিকা যাচাই (Special Intensive Revision বা SIR) নিয়েও মুখ খোলেন। তাঁর চাঞ্চল্যকর মন্তব্য, “বাংলায় SIR হবে। এবং ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। SIR-এ ৮০ লক্ষ মানুষের নাম বাদ গেলে তৃণমূল দুমড়ে-মুচড়ে পড়বে।” তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলও সাঁইথিয়ায় নিজের দলের প্রার্থী লীলাবতি সাহার নাম ঘোষণা করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, সেই ধারা অনুসরণ করেই বিজেপির পক্ষ থেকে কার্যত প্রার্থী ঘোষণা করে দিলেন অশোক দিন্দা।