ভয়ঙ্কর! চলন্ত লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে উল্টোদিকের লোকো পাইলটকে লক্ষ্য করে ইট ছুঁড়লেন মহিলা, ভিডিও ভাইরাল

বিগত কিছু দিন ধরেই বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় লোকাল ট্রেনের নানা ভিডিও ভাইরাল হচ্ছে। তবে এবার যে ভিডিওটি প্রকাশ্যে এল, তা দেখে শিহরিত হয়ে উঠছেন সকলে। চলন্ত লোকাল ট্রেনের দরজা থেকে এক মহিলা যাত্রী যা করেছেন, তা দেখে অনেকেই কল্পনা করতে পারছেন না, রেল যদি ওই মহিলাকে ধরে, তবে তাঁর পরিণতি কী হবে!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা যাত্রী চলন্ত লোকাল ট্রেনের দরজার একেবারে কাছে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে কিছু একটা জিনিস রয়েছে। তিনি অপরদিক থেকে আসা আরও একটি লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

লোকো পাইলটকে লক্ষ্য করে হামলা:

অপরদিক থেকে ট্রেনটি আসা মাত্রই মহিলা তাঁর হাতে থাকা ইট বা পাথর দিয়ে দ্রুত অপর ট্রেনের লোকো পাইলটকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন (Women Attack Loco Pilot)। হামলার তীব্রতা এতটাই ছিল যে লোকো পাইলটের কেবিনের কাঁচে ইটের আঘাত ভালোভাবেই লক্ষ্য করা গেছে।

ভিডিওটির ক্যাপশন ছিল আরও মজাদার, যেখানে লেখা রয়েছে, “আপনাদের সকলের কাছে একটাই প্রশ্ন, এই মহিলাটির সঙ্গে লোকো পাইলটের কী শত্রুতা? কমেন্টে অবশ্যই জানাবেন।”

যতদূর জানা যাচ্ছে, ঘটনাটি পশ্চিমবঙ্গেরই। কারণ, ট্রেনটির গায়ে পূর্ব রেলের স্টিকার দেখা যাচ্ছে। যদিও পূর্ব রেলের ঠিক কোন বিভাগে এই মারাত্মক ঘটনাটি ঘটেছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভিডিওটি ভাইরাল হচ্ছে। চলন্ত ট্রেনের লোকো পাইলটকে লক্ষ্য করে এভাবে ইট বা পাথর ছোঁড়ার ঘটনায় ট্রেনের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে।