রাশিয়া-আমেরিকার পুরনো MANPADS সারিয়ে দিচ্ছে ভারত? আফগানিস্তানকে সামরিক সাহায্য নিয়ে পাক সাংবাদিকের চাঞ্চল্যকর রিপোর্ট

বিগত কিছুদিন ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত বুধবার ঘোষিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার রাতে ফের আফগানিস্তানের উপর বিমান হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এই হামলায় ৩ আফগান ক্রিকেটারসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারতকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানের সিনিয়র সাংবাদিক জাবেদ চৌধুরী (Javed Chaudhry)।
পাক সাংবাদিকের দাবি, আফগানিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করতে কাবুলে একটি কারিগরি দল পাঠিয়েছে ভারত। এর আগে আফগান মিডিয়াতেও প্রথম এই বিষয়টি উত্থাপিত হয়েছিল বলে জানা গিয়েছে।
ভারতকে নিয়ে বড় দাবি পাক সাংবাদিকের:
পাকিস্তানের সিনিয়র সাংবাদিক জাবেদ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত আফগানিস্তানকে অস্ত্র মেরামত করতে এবং পাকিস্তানের বিমান বাহিনীর বিমানগুলিকে লক্ষ্য করে হামলা চালাতে সাহায্য করছে। একটি প্রতিবেদনে তিনি দাবি করেন, “ভারত আফগানিস্তানকে রাশিয়া এবং আমেরিকার ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (MANPADS) পুনরায় সক্রিয় করতে সাহায্য করছে।”
ওই পাক সাংবাদিক আরও বলেন, ‘রাশিয়া এবং আমেরিকার তরফে পাওয়া পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে পুনরায় সক্রিয় করতে এবং তালিবান বাহিনীকে প্রশিক্ষণ দিতে একদল প্রযুক্তিবিদকে কাবুলে পাঠিয়েছে নয়া দিল্লি।’
কৌশলগত অংশীদারিত্বের অভিযোগ:
জাভেদ চৌধুরীর অভিযোগ, ভারতের এই সহযোগিতার উদ্দেশ্য শুধু আফগানিস্তানের পুরনো এয়ার ডিফেন্স সিস্টেমগুলি সক্রিয় করা নয়, বরং আফগান বাহিনীকে সম্পূর্ণরূপে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ গড়ে তোলাও। তিনি দাবি করেছেন, “আফগানিস্তান বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে।” যদিও পাকিস্তানের এই অভিজ্ঞ সাংবাদিকের এমন দাবির পরিপ্রেক্ষিতে ভারত এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
MANPADS কী?
ম্যান-পোর্টেবল এয়ার-ডিফেন্স সিস্টেম (MANPADS) হলো মূলত কাঁধে বহনযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। আফগানিস্তান এখনও পুরনো সোভিয়েত যুগের SA 7 গ্রেইল ক্ষেপণাস্ত্র এবং ১৯৮০-র দশকের আমেরিকান স্টিংগার MANPADS-এর ওপর নির্ভরশীল। একজন সৈনিক এই ক্ষেপণাস্ত্রটিকে কাঁধে চাপিয়ে ব্যবহার করতে পারেন। এই ব্যবস্থার মাধ্যমে কম দূরত্বের বিমান, হেলিকপ্টার কিংবা ছোট ড্রোন ধ্বংস করা যায়।