‘অমৃতাকে আজও মনে পড়ে, ও আমার সন্তানদের ভালো মানুষ করেছে’! প্রাক্তন স্ত্রীর অবদান নিয়ে অকপট সইফ আলি খান

বলিউড তারকা সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) দাম্পত্য জীবন আলোচনার কেন্দ্রে থাকলেও, সম্প্রতি অভিনেতা তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং (Amrita Singh) এবং তাঁদের সম্পর্ক নিয়ে অকপট মন্তব্য করেছেন। কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে এসে তিনি স্বীকার করেছেন, তাঁর জীবনে অমৃতা সিং-এর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সইফ আলি খান স্পষ্টভাবে জানান, ইন্ডাস্ট্রিতে তাঁর চলার পথ কেমন হতে পারে, তা বুঝতে অমৃতা তাঁকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। তাঁর কথায়, “ওর (অমৃতার) অবদান ভাষায় প্রকাশ করা যাবে না।”
স্বীকারোক্তির মাঝেই রসিকতা করে কাজল বলেন, “তোমাকে ভালোই মানুষ করেছে তা হলে।” জবাবে সইফ বলেন, “হ্যাঁ ঠিকই। সন্তানদের ভালো মানুষ করেছে। সেই জন্য আমার আজও ওকে মনে পড়ে।”
সইফ জানান, ১২ বছরের বড় অমৃতা সিং-কে ১৯৮১ সালে তিনি বিয়ে করেছিলেন। দুই সন্তান থাকার পরেও তাঁদের সেই সম্পর্ক বিবাহবিচ্ছেদে গড়ায়। তবে বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে এখন সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন অভিনেতা। সইফ বলেন, “আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তবে কথা হয় শুধুমাত্র আমি যখন হাসপাতালে ছিলাম তখন।”
প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর নিজেকে কিছুটা সময় দিয়ে সইফ পরবর্তীতে অভিনেত্রী করিনা কাপুরকে বিয়ে করেন। জানা যায়, করিনাকে বিয়ের আগেই সইফ একটি চিঠি লিখেছিলেন অমৃতাকে। সেই চিঠিতে তিনি অমৃতার প্রতি তাঁর সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। সইফের এই অকপট মন্তব্যে স্পষ্ট, বিচ্ছেদ হলেও দুই সন্তানের কারণে প্রাক্তন স্ত্রীর প্রতি আজও তাঁর যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে।