‘ইউটেরাস’ নিয়ে ক্লাস, ‘ভাই’-এর গালে চড়! তিন বছর পর ফিরে এসেই ‘প্রফেসর বিদ্যা’ স্বস্তিকার প্রথম ঝলকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

মিলন হবে কতদিনের’ প্রোমোর রেশ কাটতে না কাটতেই এবার স্টার জলসা নিয়ে এল আরও এক নতুন মেগার ঝলক। প্রকাশ্যে এল আসন্ন মেগা ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র (Professor Bidya Banerjee) প্রথম প্রোমো, যা দিয়ে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
জি বাংলার ‘তোমার খোলা হওয়া’ সিরিয়ালটি শেষ হওয়ার প্রায় তিন বছর পর ছোটপর্দায় ফিরলেন স্বস্তিকা। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র প্রথম ঝলকেই তাঁকে পাওয়া গেল চেনা, শক্তিশালী মেজাজে। যদিও এমনিতে বিদ্যা শান্ত-শিষ্ট প্রফেসর, কিন্তু মেয়েদের উপর যারা কু-নজর দেয়, তাদের উচিত শিক্ষা দিতে সে পিছপা হয় না।
প্রথম প্রোমোতে কী দেখলেন দর্শক?
সরস্বতী পুজোর প্রেক্ষাপটে তৈরি এই প্রোমো। সেখানে একটি মেয়ের সঙ্গে অভব্য আচরণ করছিল একদল ছেলে, যার মাথা ছিল ‘গীতা এলএলবি’ খ্যাত অভিনেতা সৌমক বসু (Soumok Basu) (সিরিয়ালে তাঁর চরিত্রের নাম এখনও অজানা)। সঙ্গে সঙ্গেই সেখানে চণ্ডীরূপে হাজির হন প্রফেসর বিদ্যা।
বিদ্যা সেই ছেলেটিকে রীতিমতো অ্যানাটমির ক্লাস নিয়ে বুঝিয়ে দেন— মেয়েটির পেটের যে অংশে সে হাত দেওয়ার চেষ্টা চালাচ্ছিল, তার ভিতরে রয়েছে ইউটেরাস (জরায়ু), যার ভিতরে ন-মাস লালন করার পরই জন্ম হয়েছে তার! যদিও সৌমকের চরিত্রটি বিদ্যাকে ‘দিদি’ বলে সম্বোধন করে, তাতে বোঝা যায় তারা পরস্পরকে চেনে। চড় খাওয়ার পর বিদ্যাকে জন্ম নিয়ে খোঁটা শুনতে হলেও, তিনি দমে না গিয়ে পালটা আরেকটা থাপ্পড় কষিয়ে ঘোষণা করেন: “শুধু বীণা-পুস্তক নয়, মাঝেমাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়ার জন্য।”
নেটিজেনদের মন্তব্য:
স্বস্তিকার এই ‘রণং দেহি’ প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে মিশ্র মন্তব্য। কেউ কেউ লিখেছেন, ‘এখানেও কৃপান থাপ্পড় খেতে চলে এসেছে’ (সৌমকের পূর্ব চরিত্রের নাম)। আবার এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘জগদ্বাত্রী আর গীতাকে মিলিয়ে দিলেই রেডি বিদ্য়া ব্যানার্জি’— অর্থাৎ, প্রোমোতে অন্য জনপ্রিয় সিরিয়াল দুটির ছায়া দেখতে পেয়েছেন তাঁরা।
স্বস্তিকা জানিয়েছেন, একটা সময় ছোটপর্দায় ফিরতে অনীহা থাকলেও, এই সিরিয়ালের কনসেপ্ট শোনার পর তাঁর না বলার কোনো সুযোগ ছিল না। সিরিয়ালে প্রফেসর বিদ্যার বিপরীতে কাকে দেখা যাবে, সেই বড় চমকের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।