শুধু যুদ্ধ নয়, আত্মনির্ভর ভারতের প্রতীক! লখনউ থেকে ব্রহ্মসের প্রথম ব্যাচ রোল আউট, কী বার্তা দিলেন রাজনাথ সিং?

আজ লখনউয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। উত্তরপ্রদেশের রাজধানীতে আজই রোল আউট হতে চলেছে দেশের তৈরি প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল। এই মিসাইলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লখনউয়ের ব্রহ্মস ইউনিটেই এই মিসাইলগুলির সংযোজন, পরীক্ষা ও মান যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে। এই কেন্দ্রটি প্রতিরক্ষা শিল্প করিডোরে উত্তরপ্রদেশের অগ্রগতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে রাজ্য সরকারের হাতে জিএসটি বিল ও চেক তুলে দেওয়া হবে।

বছরে ১০০ মিসাইল তৈরির লক্ষ্য:

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই কারখানায় বছরে প্রায় একশো মিসাইল তৈরির লক্ষ্যে কাজ শুরু হচ্ছে। এছাড়াও, টাইটানিয়াম ও বিশেষ ধাতু প্রক্রিয়াকরণ কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে বিমান ও মিসাইল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

‘অপারেশন সিন্দূর’-এর সাফল্য:

প্রতিরক্ষা সূত্রে খবর, সম্প্রতি সফল হওয়া অপারেশন ‘সিন্দূর’-এর সময় ব্রহ্মস মিসাইলের সাফল্যই এই প্রকল্পের গতি আরও বাড়িয়েছে। সেই অভিযানে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসী ঘাঁটিতে নির্ভুল আঘাত হানতে ব্যবহার করা হয়েছিল বিমান থেকে উৎক্ষেপিত ব্রহ্মস মিসাইল।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিন্দূর প্রমাণ করেছে ভারত এখন বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করেও জটিল সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও স্বীকার করেছেন, ওই অভিযানে উত্তরপ্রদেশে তৈরি ব্রহ্মস মিসাইলই ভারতের গর্বের প্রতীক হয়ে উঠেছিল। এই কেন্দ্র ভারতের সামরিক সার্বভৌমত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।