ICDS ও আশা কর্মীদের জন্য সুখবর! অ্যাকাউন্টে ঢুকছে ১০,০০০ টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উৎসবের মরসুমে রাজ্যের ICDS এবং আশা কর্মীদের জন্য এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার শেক্সপিয়ার সরণির ইউথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি রাজ্যের প্রায় ১ লক্ষ ৭৭ হাজার কর্মীর পরিশ্রম ও অবদানের কথা তুলে ধরে এই বিশেষ উপহারের কথা ঘোষণা করেন।
স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই স্পষ্ট বলেন, “ICDS এবং আশার মেয়েরা প্রচুর পরিশ্রম করে। প্রত্যেক বাড়িতে গিয়ে কোভিড থেকে শুরু করে যেকোনো বিপদে-আপদে অনেক কাজ করে। তাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ১০,০০০ টাকা করে দিয়ে দিচ্ছি। এই টাকা দিয়ে তারা একটি করে স্মার্টফোন কিনে নেবেন।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্যের অন্তত ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৭২ হাজার আশা কর্মী আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। সরকারের দেওয়া এই অর্থ দিয়ে তাঁরা নিজেদের কাজের জন্য স্মার্টফোন বা ট্যাবলেট কেনার চাহিদা মেটাতে পারবেন।
আজই টাকা পাঠানো হচ্ছে:
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এদিন মঞ্চ থেকেই মুখ্য সচিব মনোজ পন্থ ঘোষণা করে দেন, আজ অর্থাৎ শুক্রবারই রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব—উভয়েই সমাজের কল্যাণার্থে নিয়োজিত আশা কর্মী এবং ICDS কর্মীদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। এই অর্থসাহায্য কর্মীদের কাজের সুবিধা ও ডিজিটাল যোগাযোগ বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।