তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ও? কালীপুজো ও ভাইফোঁটায় বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, কী জানাল আলিপুর?

হেমন্তের শীতল পরশ শুরু হতেই এল এক খারাপ খবর! আসন্ন শীতের মুখে ফের একবার গলার কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে অতি শক্তিশালী নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই পূর্বাভাস জারি করেছে, যার আভাস কালীপুজোর দিন থেকেই পেতে শুরু করবেন বাংলার মানুষ।

শীত কর্পূরের মতো উধাও, ফিরছে উষ্ণতা!

আজ শনিবার সকাল থেকেই বাংলার আকাশ আংশিক মেঘলা। ভোররাতে চাদর লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতল আবহাওয়া কিছুটা কর্পূরের মতো উবে গিয়েছে। জানা গিয়েছে, সারাদিনে বাংলার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আজ ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস:

উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পূবালী হাওয়ার সংঘাতে আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে। এর ফলে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় দিনের যে কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইতে পারে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

ফের শক্তিশালী নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা:

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত সপ্তাহান্তে নিম্নচাপে পরিণত হতে পারে। লাক্ষাদ্বীপ এবং কেরল-কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় পুদুচেরি উপকূলের কাছে ল্যান্ডফল করতে পারে, অথবা সমান্তরালভাবে শক্তি বাড়িয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলের গোপালপুরের কাছেও আসতে পারে।

কালীপুজো ও ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

রবিবার: কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাঁচ জেলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পেতে পারে।

সোমবার (কালীপুজো): কালীপুজোর দিন আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকারই পূর্বাভাস রয়েছে।

ভাইফোঁটা: ভাইফোঁটার দিনও আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।

অর্থাৎ, এই নিম্নচাপের ভ্রূকুটি থাকলেও আপাতত কালীপুজো ও ভাইফোঁটার মতো উৎসবের দিনে সরাসরি বৃষ্টির কোনও আশঙ্কা নেই, তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি থমকে যাবে।