“সীমা লঙ্ঘন করবেন না…,”-বিচারপতিকে চোখ রাঙানি আইনজীবীর, তার পর…যা ঘটলো?

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড হাইকোর্ট। ভরা আদালতের মধ্যে বিচারপতি এবং একজন বর্ষীয়ান আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ওই আইনজীবী সরাসরি বিচারপতিকে “সীমা লঙ্ঘন না করার” পরামর্শ দেন বলে অভিযোগ। এই ঘটনায় বিচারপতি ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করেছেন।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড হাইকোর্টের ২৪ নম্বর আদালতে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিচারপতি রাজেশ কুমার এবং প্রায় ৪০ বছরের অভিজ্ঞ আইনজীবী মহেশ তেওয়ারির মধ্যে এই বাদানুবাদ হয়। ঘটনার লাইভ স্ট্রিমের একটি অংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

হাইকোর্টের আইনজীবীদের একাংশ জানান, বিধবা এক মহিলার ১ লক্ষ ৩০ হাজার টাকার বিদ্যুতের বিল বকেয়া থাকায় তাঁর বাড়ির সংযোগ কেটে দেওয়া হয়েছিল। ওই মহিলা তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে কিছু সুবিধা দেওয়ার আবেদন জানান। কিন্তু আইনজীবী যে পদ্ধতিতে সুবিধার আবেদন করেন, তাতেই আপত্তি তোলেন বিচারপতি। এর জেরেই তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।

বাদানুবাদ চলার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ, আইনজীবী মহেশ তেওয়ারি বিচারপতির উদ্দেশে বলেন, “আপনি আপনার সীমা লঙ্ঘন করবেন না।” তিনি আরও সওয়াল করেন, “আমি আমার মতো করে সওয়াল করব। আপনি কাউকে অপমান করার চেষ্টা করবেন না।”

এ সময় ওই আইনজীবী বিচারপতির দিকে কয়েক পা এগিয়ে গিয়ে তাঁর দিকে আঙুলও তুলেছিলেন বলে অভিযোগ উঠেছে। তিনি ৪ দশক ধরে ওকালতি করছেন বলেও দাবি করেন।

আদালত কক্ষে উপস্থিত অন্যান্য আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর বিচারপতি পুরো ঘটনার ‘নোট’ রাখার জন্য এক আইনজীবীকে নির্দেশ দেন।

ঝাড়খণ্ড হাইকোর্ট আইনজীবী মহেশ তেওয়ারির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করেছে এবং তাঁকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।